বহুমাত্রিক প্রতিভায় উদ্ভাসিত

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৬:৪৭

 

লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মেহজাবিন চৌধুরীর মিডিয়াতে সম্পৃক্ততা হলেও মূলত লাক্সের বিজ্ঞাপন দিয়েই জনপ্রিয়তা পেয়েছেন। লাক্সের বিজ্ঞাপনে মডেল হিসাবে কাজ করার পরই অভিনয়ে তার ব্যস্ততা বেড়ে যায় অনেকাংশে। একসময় অভিনয়েই মনোযোগী হয়ে নিজেকে একজন জাত অভিনেত্রী হিসাবেও প্রতিষ্ঠিত করেন তিনি। যে কারণে এই সময়ের অভিনেত্রীদের মধ্যে শীর্ষস্থানেই রয়েছে তার নাম। নাটকে অভিনয়ের ক্ষেত্রে সবসময়ই মেহজাবিন যেমন গল্প এবং নিজের চরিত্রের প্রতি বিশেষ খেয়াল রেখেছেন, ঠিক তেমনি বিজ্ঞাপনে মডেল হিসাবে কাজ করার ক্ষেত্রেও মেহজাবিন দারুণ চুজি। সর্বশেষ বিপুলের নির্দেশনায় মেহজাবিন আয়ূশের নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসাবে কাজ করেছেন। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে সেট ফেলে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়। যথারীতি এতে মেহজাবিনের সঙ্গে ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। আয়ূশর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করছেন মেহজাবিন চৌধুরী। তারই অংশ হিসাবে বিজ্ঞাপনটিতে মডেল হিসাবে কাজ করা। এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘বিপুল ভাইয়ের কাজ বেশ গোছানো। সবচেয়ে বড় কথা হলো বিজ্ঞাপনটি ভালোভাবে নির্মাণের জন্য তার মধ্যে আমি কোনোরকম ক্লান্তি দেখিনি। যতদিন কাজ করেছি অনেক উত্সাহ নিয়ে কাজটি করেছেন। নতুন এই বিজ্ঞাপনটি নিয়ে তাই আমি আশাবাদী।’ বিজ্ঞাপনটিতে মেহজাবিনের কাজ করা প্রসঙ্গে বিপুল বলেন, ‘মেহজাবিনের সঙ্গে এটা আমার প্রথম কাজ। খুব সিরিয়াস একজন মডেল। মেহজাবিনের মতো অন্য অনেকেই কাজ করে ক্লান্ত থাকেন। কিন্তু তারপরেও মেহজাবিন ক্লান্ত থাকার পরও নির্ধারিত কল টাইমেই সেট এসেছেন, মন দিয়ে কাজটি করেছেন। নির্মাতা হিসাবে তার কাজে এবং সহযোগিতায় আমি তৃপ্ত।’ শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে। গত মাসেই মেহজাবিন চৌধুরী তার মিডিয়া জীবনের এক দশক পূর্ণ করলেন। মেহজাবিন বলেন, ‘দেখতে দেখতে মিডিয়া জীবনের এক দশক পেরিয়ে গেল। অথচ ভাবলে অবাক হই, মনে হয় এই তো মাত্র কয়েকদিন আগের কথা। আমার আজকের অবস্থানে আসার পেছনে আমার বাবা-মায়ের অবদান অনস্বীকার্য, তাদের প্রতি দারুণ কৃতজ্ঞ। কারণ আমার বাবা আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন, উত্সাহ দিয়েছেন। আর আমার মা আমার পাশে পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন, এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা দিয়েছেন।’ মেহজাবিন চৌধুরী এখনো কোনো সিনেমায় অভিনয় করেননি। তবে আগ্রহ আছে সিনেমায় অভিনয় করার। গল্প, চরিত্র ব্যাটে বলে মিললে হয়তো যেকোনো সময়ই তাকে সিনেমায় অভিনয়ে দেখা যেতে পারে।