অপু বিশ্বাস, ঢাকাই চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকা। বহু সিনেমায় অভিনয় করে তিনি পরিণত হয়েছেন দর্শকপ্রিয় নায়িকাতে। এখনো সিনেমায় অভিনয় করছেন। তবে বাংলাদেশের সিনেমা শিল্পের সার্বিক পরিস্থিতি ভালো নয় বিধায় সিনেমা নির্মাণ যেমন কমেছে, সেইসঙ্গে একসময় যারা সিনেমায় অভিনয়ে দারুণ ব্যস্ত ছিলেন, তাদেরও ব্যস্ততা কমেছে। তেমনি সিনেমায় অভিনয়ে ব্যস্ততা কমেছে তারও। কিন্তু তারপরও তিনি চেষ্টা করেন ভালো গল্পের সিনেমাতে কাজ করার প্রস্তাব পেলে তা করার। অপু বিশ্বাস একজন নন্দিত নায়িকা ও একজন সংগ্রামী মা। তার এই দুটো বিষয়কে বিবেচনা করে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন তাকে বাংলাদেশের একজন ‘আলোকিত নারী’ হিসাবে সম্মাননা প্রদান করেছে। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবের হলরুমে অপু বিশ্বাসের হাতে ‘আলোকিত নারী সম্মাননা’ তুলে দেন আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন সংশ্লিষ্টরা। একজন নারী হিসাবে এই সম্মাননা প্রাপ্তিতে অপু বিশ্বাস বলেন, ‘ধন্যবাদ আলোকিত ফাউন্ডেশনকে আমাকে এভাবে সম্মানিত করায়। আমি সত্যিই আবেগাপ্লুত। একজন সচেতন নারী হিসাবে আমি যখন নায়িকা হিসাবে কাজ শুরু করি, তখনই আমি আমার পোশাকে বাঙালিত্ব আনার চেষ্টা করি। এটা সত্যি যে, আমি নয় বছর গোপনে সংসার করেছি। সন্তানের মা হওয়ার পরও তাকে আড়াল করে রাখি। কিন্তু তারপরও আমি সাহসিকতার সঙ্গে আমার সন্তানের পরিচয় সবার সামনে তুলে ধরি। আমি একটি কথাই বলতে চাই, নারীদেরকে তাদের পথচলায় সাহসী হতে হবে। নিজেকে একজন শক্তিমান মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। অনেক নায়িকাই মনে করেন বিয়ের পর জনপ্রিয়তা কমে যায়, কিন্তু এটা ভুল। মৌসুমী আপু বিয়ে করেছেন, সংসার করেছেন, দুই সন্তান আছে, নায়িকা হিসাবে তার জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমি আবারো ধন্যবাদ জানাই এই ফাউন্ডেশনকে আমাকে সম্মানিত করায়। আমি আগামীতে এই ফাউন্ডেশনের পাশে থাকার চেষ্টা করব নিশ্চয়ই।’ এদিকে অপু বিশ্বাস নিয়মিত স্টেজ শো নিয়েও ব্যস্ত রয়েছেন।
