ফিরছেন নতুন প্রত্যয়ে

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৬:৫০

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

ইলিয়ানা ডি ক্রুজ বলিউডে গত ৭ বছরেও নিজেকে থিতু করতে পারেননি। তামিল, তেলেগু, মালয়লাম সিনেমার অঙ্গনে একজন জনপ্রিয় তারকা রূপে প্রতিষ্ঠিত হওয়ার পর বলিউডেও ক্যারিয়ারকে বিস্তৃত করতে চেয়েছিলেন এই অভিনেত্রী। ‘বরফি’ দিয়ে হিন্দি সিনেমার অঙ্গনে তার পথচলা শুরু হয়েছিল। সেই সিনেমার অন্য তারকাশিল্পীদের পাশে তাকে কোনোভাবেই ম্লান কিংবা দুর্বল মনে হয়নি। বরং মেধা ও যোগ্যতার উজ্জ্বল প্রমাণ দিয়ে দর্শক-সমালোচকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। সেরা নতুন মুখ হিসাবে বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও নিজের ঝুলিতে পুরতে সক্ষম হয়েছিলেন। এর মধ্যে ফিল্মফেয়ার, স্ক্রিন, জি সিনে অ্যাওয়ার্ড, স্টার গিল্ড অ্যাওয়ার্ড অন্যতম। তার এরকম সূচনা দেখে অনেকেই আশা করেছিলেন দক্ষিণী সিনেমা জগত্ থেকে আসা এই সুন্দরী বলিউডে খুব দ্রুত ভালো একটি অবস্থানে পৌঁছাবেন। কিন্তু গত বেশ কয়েক বছরের ক্যারিয়ারে হিন্দি সিনেমায় তেমন কারিশমা দেখাতে পারেননি ৩৩ বছর বয়সী ইলিয়ানা। ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘ম্যায় তেরা হিরো’, ‘হ্যাপি এন্ডিং’, ‘রুস্তম’, ‘সুবারাকান’, ‘বাদশাহো’, ‘রেইড’ ছবিগুলোতে নায়িকা হিসাবে পর্দায় এসেছেন তিনি। বলিউডে নামিদামি জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। তার রূপে গুণে অভিনয়ে মুগ্ধ হয়েছেন সবাই। তারপরেও কেন জানি তাকে নিয়ে কোনো হইচই নেই কোথাও।

সিনেমায় আসার আগে ইলিয়ানা মডেল হিসাবে ঘরে ঘরে বেশ পরিচিতি পেয়েছিলেন বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাডে কাজ করার সুবাদে। এরপর বলিউডে ভালো সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলেন কিছুদিন। তবে প্রত্যাশা অনুযায়ী সুযোগ না পেয়ে দক্ষিণী সিনেমায় মনোযোগী হয়েছিলেন। তেলেগু ছবি ‘দেরাদাসু’-এর মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্রে তার অভিষেক হয়েছিল। প্রথম অভিনীত ছবিতেই বাজিমাত করেছিলেন। ২০০৬ সালে ‘দেরাদাসু’ ছবিতে অভিনয় জন্য বছরের সেরা নতুন মুখের অভিনেত্রী হিসাবে দক্ষিণী সিনেমার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। আর দক্ষিণী সিনেমার অঙ্গনে একটানা ছয় বছর দাপটের সঙ্গে রাজত্ব করেন। ২০১২ থেকে একটানা ৫ বছর বলিউডের সিনেমায় নিজেকে ব্যস্ত রেখেছিলেনর ইলিয়ানা। তবে গত বছর অনেক দিন পর তাকে তেলেগু সিনেমা ‘অমর আকবর অ্যান্থনি’-তে দেখা গেছে। তবে আপাতত দক্ষিণী সিনেমায় নিজেকে আগের মতো ব্যস্ত করে তুলতে চান না তিনি।

সর্বশেষ ‘পাগলাপান্টি’ সিনেমায় সানজানা নামের এক তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন ইলিয়ানা ডি ক্রুজ। এ ছবির মাধ্যমে বলিউডে নতুন করে আলোড়ন সৃষ্টি করতে চান তিনি। মাঝখানে অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নিকোলের সঙ্গে গভীর সম্পর্ক জড়িয়ে পড়েছিলেন। তবে শেষপর্যন্ত তাদের সম্পর্ক টেকেনি। যদিও তারা স্বামী-স্ত্রীর মতো থাকতে শুরু করেছিলেন। এমনও শোনা যায়, গোপনে অস্ট্রেলিয়ান সেই প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে তাদের এমন গভীর সম্পর্ক ভেঙে গেছে। এরপর ইলিয়ানা ভেতরে ভেতরে বেশ ভেঙে পড়ে ছিলেন। তবে এখন তিনি আবার ক্যারিয়ারে পুরোপুরি মন দিয়েছেন। ‘গাগলাপান্টি’র পর আগামী বছর তাকে দেখা যাবে ‘দ্য বিগ বুল’-এ। ভারতের বিখ্যাত কিছু আর্থিক কেলেঙ্কারির বাস্তব ঘটনাবলিকে কেন্দ্র করে ছবিটি নির্মিত হচ্ছে।