সুভার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৬:৫২

মো. আমিরুজ্জামান

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

 

‘আর্তজনের পাশে আমরা’—শ্লোগানকে সামনে রেখে সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স অ্যাসোশিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ২ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন গত ১৪ নভেম্বর শেষ হয়। এদিন সকালে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাদ্য যন্ত্রসহ আনন্দ শোভাযাত্রা শহরের স্মৃতি অম্লান চত্ত্বর থেকে শুরু হয়ে শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ ক্যাপ্টেন মৃধা শামসুল হুদা সড়ক ও বিমানবন্দর সড়ক হয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় স্থানীয় স্বেচ্ছাসেবী, স্কুল-কলেজের শিক্ষার্থী, সুধীজন ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। তিনি বেলুন উড়িয়ে ও কেক কেটে সুভার প্রথম জন্মদিন উত্সব উদ্বোধন করেন। উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সুভার সভাপতি ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকীর আহ্বায়ক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। দলীয় সংগীতের পর এককভাবে দেশাত্মবোধক, আধুনিক, লোকগীতি ও ভাওয়াইয়া গান পরিবেশন করেন বেতার শিল্পী হোসনে আরা লিপি, নিলুফা লিপি, জিতু, বীথি জামান, ঋতু প্রমুখ। নৃত্য পরিবেশন করেন হূদি ও সৃষ্টি। তবলায় ছিলেন টুটুল, কি-বোর্ডে রিন্টু ও প্যাডে এম এ পারভেজ লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি ও ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা শারমিন আক্তার। আগের দিন ব্লাড গ্রুপিং, ট্রাফিক সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সুভার সদস্যরা। সার্বিক সহযোগিতা করে সৈয়দপুর পৌরসভা।

প্রসঙ্গত, সরকারি হাসপাতালে রোগীদের সেবা, দুর্যোগে ত্রাণ বিতরণ, বাল্যবিয়ে প্রতিরোধ, মানবিক সহায়তাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গতবছরের ১৩ নভেম্বর সৈয়দপুরের সবগুলো স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে সুভা গঠন করা হয়। এর সমন্বয়কের ভূমিকা পালন করেন ইউএনও এস এম গোলাম কিবরিয়া। সুভার কার্যক্রম সারাদেশে প্রশংসিত হয়।