দানবীরের জন্মজয়ন্তী উত্সব

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৬:৫২

মীর আনোয়ার হোসেন টুটুল

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

 

দানবীর রনদা প্রসাদ সাহার ১২৩তম জন্মজয়ন্তী ও কুমুদিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে ২ দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর কুমুদিনী পরিবারের আয়োজনে ভারতেশ্বরী হোমসের সবুজ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা’র সম্পাদক তাসমিমা হোসেন। অপরদিকে গত ৮ নভেম্বর মির্জাপুর গ্রামবাসীর আয়োজনে রনদা নাট মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট্য নাট্যকার ও অভিনেতা মো. মামুনুর রশীদ।

দানবীরের জন্মজয়ন্তী ও কুমুদিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তার তীর্থস্থান কুমুদিনী কমপ্লেক্স, ভারতেশ্বরী হোমস, নার্সিং স্কুল অ্যান্ড কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এবং পৈত্রিক নিবাস মির্জাপুর গ্রাম নানা সাজে সজ্জিত করা হয়। এদিন প্রার্থনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, কাঙালি ভোজ ও হাসপাতালের রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়। আরপি সাহাকে স্মরণ করতে গ্রামবাসী প্রভাতফেরি বের করেন। এছাড়া তারা আরপি সাহার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রনদা নাট মন্দির এবং ভারতেশ্বরী হোমসের সবুজ চত্ত্বরে প্রদীপ প্রজ্জ্বলন করে আরপি সাহাকে স্মরণ করা হয়। নৃত্য, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুধীজনের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিক মো. আব্দুর রউফ তালুকদার, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন, রাজিব প্রসাদ সাহা, প্রতিভা মুত্সুদ্দি, মতি সাহা, সম্পা সাহা ও ডা. প্রদীপ কুমার রায়।