এমার্জিং এশিয়া কাপ

নাটকীয় জয়ে ফাইনালে পাকিস্তান

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:২০

ম্যাচটা ভারতের হাতের মুঠোয় ছিল। এমার্জিং এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে হারাতে শেষ ৩০ বলে ভারতের দরকার ছিল ২৬ রানের; হাতে ছিল ৫ উইকেট। এখান থেকেই পাকিস্তানি বোলাররা হঠাত্ চেপে ধরল ভারতকে। শেষ দুই ওভারে ১৫ রান দরকার ছিল। ৪৯তম ওভারের শেষ বলে শিবাম মাভি একটা চার মেরে দেন। ফলে শেষ ওভারে দরকার ছিল ৮ রান। কিন্তু আমাদ বাট এই ওভারে মাত্র ৪ রান খরচ করে মাভির উইকেট তুলে নেন। ফলে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় পাকিস্তান।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এই জয় পাওয়ায় এবারের আসরের প্রথম দল হিসেবে ফাইনালে গেল পাকিস্তান। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। আর ২৩ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

আগে ব্যাট করা পাকিস্তান দলও খুব ভালো করতে পারেনি। তবে তাদের ভালো একটা শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার ইউসুফ ও হায়দার। বিনা উইকেটে ৯০ রান তুলেছিল তারা। কিন্তু সে জন্য ২২ ওভার খেলতে হয়েছে তাদের। ইউসুফ ৬৬ ও হায়দার ৪৩ রান করেন। রানরেটে এই পিছিয়ে পড়া থেকে আর সামলে উঠতে পারেনি দলটি। মিডল অর্ডারে এসে সাইফ বদর ৪৮ বলে ৪৭ রান করে স্কোরটা মাঝারি করে তোলেন।

জবাব দিতে নেমে ভারত শুরুতে বেশ জয়ের পথে ছিল। তাদের ওপেনার ও অধিনায়ক শরথ ৪৩ বলে ৪৭ রান করেছেন। পরে সানভির সিং ৭৬ রান করে দলকে জয়ের পথে রেখেছিলেন। সঙ্গে ভালো সমর্থন দিচ্ছিলেন ইনফর্ম আরমান জাফর। তিনি ৪৬ রান করে আউট হন।

আর এখান থেকেই পথ হারিয়ে ফেলে ভারত। শেষ দিকে এক প্রান্তে সুতার ২৮ রানের ইনিংস খেলে চেষ্টা করেছিলেন ম্যাচ বের করে আনার। কিন্তু অন্য প্রান্তে তেমন সমর্থন না পাওয়ায় কাজটা করতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ৫০ ওভারে ২৬৭/৭ (ইউসুফ ৬৬, সাইফ ৪৭*, হায়দার ৪৩, রোহাইল ৩৫, রফিক ২৮; মাভি ২/৫৩, শোকিন ২/৫৯, দুবে ২/৬০।

ভারত : ৫০ ওভারে ২৬৪/৮ (সানভির ৭৬, শরথ ৪৭, আরমান ৪৬, সুতার ২৮; সাইফ ২/৫৭, হাসনাইন ২/৬১)।

ফল : পাকিস্তান ৩ রানে জয়ী