হাতেখড়ি শিশু-কিশোর মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৭:৪৯

রহিমা আক্তার মৌ

 

কিশোর পত্রিকা ‘হাতেখড়ি’র আয়োজনে সম্প্রতি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী। গত ৮ নভেম্বর বিকেল ৩টায় শিশু-কিশোরদের, মোবাইলে তোলা,  অর্ধশত ছবি নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। চলে রাত সাতটা পর্যন্ত। প্রদর্শনীর দ্বিতীয় দিন ৯ নভেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী চলে। প্রদর্শনীতে অংশগ্রহণ করে নির্বাচিত ৪০ জন শিশু ও কিশোর ফটোগ্রাফার। অংশগ্রহণকারীদের মধ্য থেকে দুটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। ক বিভাগে প্রথম স্থান অর্জন করে অরিজিত্ আবির, দ্বিতীয় রনি ও তৃতীয় স্থান অর্জন করে আফিয়া ইবনাত জয়া। খ বিভাগে প্রথম স্থান অর্জন করে আকলিমা আক্তার, দ্বিতীয় দিব্যজ্যোতি কুন্ডু ও তৃতীয় স্থান অর্জন করে ফাহমিদা চৌধুরী।

পুরস্কারবিতরণী অনুষ্ঠানে হাতেখড়ির সম্পাদক ও প্রকাশক শিশুসংগঠক তাহাজুল ইসলাম ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউন্ট এভারেস্ট জয়ী পর্বতারোহী এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতেখড়ির উপদেষ্টা আলাউদ্দিন গোলন্দাজ, খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজি জাবেদ ইকবাল শিহাব ও তরুণ অভিনয়শিল্পী তামিম খন্দকার।

আয়োজন সম্পর্কে হাতেখড়ির সম্পাদক বলেন, ‘আমরা শুধু লেখালেখি নয়, পাশপাশি শিশু ও কিশোরদের সুপ্ত প্রতিভাকে এগিয়ে নিতেও কাজ করছি। আমরা মনে করি একমাত্র সৃজনীল কর্মকাণ্ডই একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। প্রযুক্তির ব্যবহার হয়তো আমরা একেবারেই বন্ধ করে দিতে পারব না, কিন্তু এর সঠিক ব্যবহার যদি শিশুদের শিখিয়ে দিতে পারি তাহলে অন্তত অনেক অপরাধ কমানো সম্ভব হবে। তাই হাতেখড়ির এই মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন।’

প্রযুক্তির ব্যবহার নিয়ে যখন অভিভাবকরা সন্তানদের ব্যাপারে চিন্তিত, ঠিক সেই সময়ে হাতেখড়ির এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।