হেমন্ত এলে

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৭:৫০

পৃথ্বীশ চক্রবর্ত্তী

 

কার্তিক আর অঘ্রানে হেমন্ত এলে

মিঠে রোদ কে যেন গায়ে দেয় ঢেলে।

উঁকি দেয় সূর্যটা কুয়াশার ফাঁকে

ভেঙে যায় ঘুম আমার পাখিদের ডাকে।

জমা হয় ধানশীষে শিশিরের কণা

দেখে রোজ হয়ে যায় হূদয় আনমনা।

ঘুম থেকে উঠে যেই আমি যাই মাঠে

দেখি কেউ গান গায় কেউ ধান কাটে।

কেউ বাঁধে আঁটি আর কেউ বয় ভার

মাড়াইয়ের কাজ করে রাত করে পার।

কৃষাণীর মুখ জুড়ে লেগে থাকে হাসি

সারারাত ঢালে চাঁদ আলো রাশি রাশি।

চর জাগে নদ-নদী, হাওরের বুকে

খুশি নামে বাংলায় নবান্ন-সুখে।