মহাদেব সাহার একগুচ্ছ কবিতা

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৭:৫৩

জীবন একটি ভ্রমণকাহিনী

 

জীবন একটি ভ্রমণকাহিনী, ওড়াউড়ি নৃত্যনাট্য

ভেসে চলার বৃত্তান্ত, পথিকের ছিন্নপত্রগুচ্ছ, পথের

                                                  ধারাবিবরণী,

ভাসমান মেঘের তথ্যপঞ্জি, উড়ন্ত পাখার আত্মকথা;

এই হচ্ছে জীবন, ট্যুরিস্টের নোটখাতা।

 

এ নদী থেকে সে নদী, এ সমুদ্র থেকে সে সমুদ্র, কত পাহাড় ডিঙানো,

বন, উপত্যকা পার হওয়া,

দীর্ঘ বিবরণ, পথের বর্ণনা,

ছোটা, ভাসা, ওড়ার একখানি অসমাপ্ত সংকলন;

জীবন আর কিছুই নয়, এই ওড়াউড়ির গল্প।

 

সে কথা মনে পড়ে না, কত যে বনভূমি পেরোনো,

                   কত যে চারণক্ষেত্র ঘোরা,

কত যে বন, বনান্তর ছোটা, জীবন এই পথের বিবর্ণ রেখাচিত্র;

জীবন পাখির এই ওড়ার গল্প, গোধূলির রহস্যসিরিজ

জীবন হচ্ছে এই পথ, পথিক ও সময়ের নিঃশব্দ ট্রিয়োলজি।

 

০০০

পরবাসী

 

বলেছিলাম, হাত ছাড়ো,

পাশে থাকবো,

হাত ধরলে পালাবো;

উন্মত্ত আবেগ শুনলো না,

ধরে ফেললো হাত,

সেই থেকে আমি পরবাসী।

 

০০০

ভালোবাসার জন্য

 

ভালোবাসার জন্য কোনো প্রস্তুতি ছিলো না

ছুঁতে না ছুঁতেই ভেঙে পড়লাম;

পাথরে পড়েছে অশ্রু, সেই অশ্রু

কুড়িয়ে নিলাম।

 

০০০

স্বপ্নমোহর

 

সেদিন সে কোন মধুর জ্যোত্স্নারাতে

আকাশ সোনার মোহর দিয়েছে হাতে,

মনে হয় বুঝি সে এক রূপকথা

দুচোখে গন্ধমদির স্বপ্নের মুগ্ধতা;

 

এখন কোথায় আছো তুমি বলো একা

এ জীবনে আর হবে না কখনো দ্যাখা,

তোমারই জন্য লিখে যাই তবু গান,

তবু ফুলে ফুলে ভরে তুলি উদ্যান;

 

মনে পড়ে সেই মধুর জ্যোত্স্নারাতে

স্বপ্নমোহর পড়েছিল এসে হাতে,

যেখানেই থাকো মেলে ধরো যদি হাত

ঝরবে তেমনি স্বপ্নমোহর, নামবে জ্যোত্স্নারাত।

০০০

চলে যাবো, জলে পাতাও কাঁপবে না

 

চলে যাবো, জলে পাতাও কাঁপবে না

একটি গোলাপও হবে না শুষ্কমুখ,

থামবে না নদীতে তরঙ্গ,

চলে যাবো, কোনোখানে কিছুই হবে না।

 

চলে যাবো, থামবে না কোথাও একটি বাঁশি

একটি পাখিও হবে না বিষণ্ন, তৃণলতাও মলিন হবে না,

থামবে না আনন্দমূর্ছনা

একটি পাতাও কাঁপবে না, নিভবে না উত্সবদীপ

চলে যাবো, পাতাও কাঁপবে না।

 

০০

লজ্জিত মানুষ

 

কত দুঃখ, অভিমান বুকে, তোমরা বুঝবে না, তোমরা

                                                      বুঝবে না;

কত আঘাতের ক্ষতচিহ্ন, লজ্জাগ্লানি, কত অপমান অপমান

ভিক্ষাবৃত্তি, কত কাতর মিনতি, সহে না, সহে না,

বড়ো ক্ষয়ে গেছি, নুয়ে পড়ে গেছি, মুষড়ে গেছি

                                                  আহত গোলাপ,

তোমরা বুঝবে না কেন আমি ম্লানমুখ, কেন ভাঙাবাঁশি;

বুঝবে না কেন আমি করুণ ক্রন্দন, কেন আমি এত অশ্রু, কেন আমি

                                                                   এমন ব্যথিত,

ত্রুবাদুর, মর্মবেদনার গান

আঘাতে আঘাতে বড়ো ভেঙে গেছি

আমার দুচোখে লক্ষ লক্ষ তমসার নদী;

তোমরা বুঝবে না এই আহত আত্মার ক্লেশ,

                              এই ক্লান্তি

দুঃখে, অভিমানে, আত্মগ্লানিতে আমি নতজানু লজ্জিত মানুষ।