খুব সম্ভবত কোনো একটা সিন্ডিকেটের কারণে হচ্ছে

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:০৮

সংগীত পরিচালক জে কে মজলিস। বহু হিট গানের নেপথ্যে আছে তার অক্লান্ত পরিশ্রম ও মেধা। সাম্প্রতিক সময়ে তিনি ব্যস্ত ফোক স্টেশন নিয়ে। কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সঙ্গে—

কেমন আছেন?

ভালো আছি।

 

আপনার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে বলুন—

অনেকগুলো অডিও করছি। বেশি ব্যস্ত ফোক গান নিয়ে, বিশেষ শো ‘ফোক স্টেশন’ নিয়ে। ওটা নিয়েই এখন বেশি সময় পার করছি। আসলে ফোক গানই তো আমাদের দেশের সব।

 

ফোক স্টেশন প্রসঙ্গে বলুন। কবে শুরু হয়েছে? শেষ হবে কবে?

এই প্রজেক্টের ডিরেক্টর নুর হোসেন হীরা। এটা শুরু হয়েছে এ বছরের অক্টোবর থেকে। শেষ কবে হবে এটা বলতে পারছি না। কারণ আমরা সবাই চাচ্ছি এটা কন্টিনিউ করতে। আমাদের ফোকের ভাণ্ডার তো বিশাল, সে কারণে অনেকদিন ধরে কাজ করার ইচ্ছে আমাদের।

 

আপনি প্লেব্যাকও করেন। সিনেমা তো দিনদিন কমছে। সেক্ষেত্রে আপনাদের কাজের অবস্থাটা কী?

ফিল্মের ব্যাপারটা আসলে আপেক্ষিক হয়ে আছে। কারণ ফিল্মও হচ্ছে কম। যেগুলো হচ্ছে সেগুলোর কাজ দেশের বাইরে চলে যাচ্ছে। এগুলো কী কারণে আমাদের হাতছাড়া হচ্ছে জানি না। আমরা যারা ফিল্মের কাজগুলো করতাম সবাই একমত যে, কেন আমাদের কাজগুলো বাইরে যাবে। সবারই তো হিট গান আছে। এটা খুব সম্ভবত কোনো একটা সিন্ডিকেটের কারণে হচ্ছে।

 

এখনতো সিঙ্গেল গানের যুগ...

সিঙ্গেলের প্রচলন হওয়ায় আমাদের আসলে সুবিধা হয়েছে। কাজের পরিমাণ কমলেও মানটা বাড়ছে। বেশিরভাগ গানই ভালো হচ্ছে। সবাইকে বলবো, আপনারা দর্শক না হয়ে শ্রোতা হন। এখন মানুষ গান দেখেন, শোনেন কম। গান শোনা মানুষের সংখ্যা বাড়ানো জরুরি।