দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বাগেরহাট :বাগেরহাটের ফকিরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ভুট্টা, সূর্যমুখী, শীত ও গ্রীষ্মকালীন মুগের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে ফকিরহাট উপজেলা কৃষি অফিস অডিটরিয়ামে বিতরণ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
ঝিনাইদহ :শৈলকুপা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে রবি ফসল চাষে চাষিদের প্রণোদনার কৃষি উপকরণ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসার সনজয় কুমার কুন্ডু জানান, গ্রীষ্মকালীন মুগ চাষে ৩০ জন, পেঁয়াজ চাষে ৩৫০ জন, শীতকালীন মুগ চাষে ৯০ জন, সরিষা চাষে ৮০০ জন, ভুট্টা চাষে ১০০ জন ও তিল চাষে ৪৬০ জন চাষিকে প্রণোদনার বীজ ও সার দেওয়া হয়েছে।
নিয়ামতপুর (নওগাঁ) :নিয়ামতপুরে ১ হাজার ৫৮৫ জন কৃষকের মধ্যে সরিষা, ভুট্টা, পেঁয়াজ, শীতকালীন মুগ ও গ্রীষ্মকালীন মুগবীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আইয়ুব হোসাইন।
রাণীনগর (নওগাঁ) :উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১ হাজার ৮১০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।
বিরামপুর (দিনাজপুর) : বিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৩৫০ জন কৃষকের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল প্রমুখ।
পাটগ্রাম (লালমনিরহাট) : উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পাটগ্রামে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র শমসের আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পূর্ণ চন্দ্র রায় প্রমুখ।
