গুজব ছড়িয়ে উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারবে না

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:৪২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, একটি কুচক্রী মহল দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে বিভিন্ন সময় গুজব ছড়িয়ে বেড়ায়। তারা চায় না এ দেশ উন্নয়নের পথে এগিয়ে যাক। গুজব ছড়িয়ে কোনো মহল বা গোষ্ঠী সরকারের উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারবে না। দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শিগিগরই কুশিয়ার সেতুসহ রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের সব কাজ সম্পন্ন হবে। পরিকল্পনামন্ত্রী গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় জগন্নাথপুর উপজেলার নয়া বন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপরিউক্ত কথাগুলো বলেন।

কলেজ গভর্নিং বডির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা আলা উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতা সিদ্দিক আহমদ, ইউএনও মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ্ আবু ঈমানী, অধ্যক্ষ মতিউর রহমান।