নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:০২

>> সুচিস্মিতা তিথি

 

সম্প্রতি সাদিদ বিন হাসান ও তার দল ‘স্পেস ট্রোভ’ জিতে নিল নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮। বাংলাদেশি তরুণদের দলটি সান ফ্র্যান্সিস্কো ও ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে নাসা স্পেস চ্যালেঞ্জের গ্লোবাল রাউন্ডে লড়বে এবার।

স্পেস ট্রোভ একটি স্ক্যাভেঞ্জার হান্ট গেম তৈরি করেছে। মঙ্গলগ্রহের ভার্চুয়াল রিয়েলিটিতে তৈরি এ গেমটিতে নাসার ডাটাবেসের সাহায্যে মঙ্গল গ্রহের আসল থ্রিডি ছবি ব্যবহার করা হয়েছে। তাতে গেমারদের মনে হয় সত্যি সত্যি তারা বন্ধুদের সঙ্গে মঙ্গল গ্রহে কোনো অ্যাডভেঞ্চারে আছেন!

স্পেস ট্রোভের চ্যালেঞ্জ ছিল এমন একটি ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করা যাতে মানুষ মঙ্গল গ্রহ কিংবা চাঁদে বিচরণ করার অনুভূতি পায়। অনলাইন মাল্টিপ্লেয়ার এই গেমটি ইউনিটি থ্রিডি গেম ইঞ্জিন দিয়ে তৈরি যেটা যেকোনো ডিভাইস থেকেই খেলা যাবে। নাসার ডেটাবেস থেকে নেওয়া মঙ্গল গ্রহের থ্রিডি মানচিত্র তরুণদের গেমের মাধ্যমেই মঙ্গল গ্রহ সম্পর্কে জানতে সাহায্য করবে ।

এই ওপেন ওয়ার্ল্ড গেমটিতে, গেমাররা ইআরসি-৭২১ টোকেনের মাধ্যমে মঙ্গল গ্রহের কিছু নির্দিষ্ট স্থানে বিনিয়োগ করেন। বিনিয়োগের মাধ্যমে তারা সেই জায়গাটিকে বসবাসের উপযোগী করে তুলবেন।

‘ওয়াল-ই’ ও ‘স্টার ট্রেক’ চলচ্চিত্রদুটি মানুষের মাঝে নতুন উপলব্ধি তৈরি করেছিল। মানুষ এখন ঘরে বসেই নিজে নভোচারী হিসেবে মঙ্গলগ্রহে বিচরণ করতে পারবে এই গেমটির মাধ্যমে।