শোক সংবাদ

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২৩:৩৭

মাইজভান্ডার শরিফস্থ ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট’-এর সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন পরিচালক (প্রশাসন) এএনএমএ মোমিন গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরস্থ মিলেনিয়াম হাসপাতালে ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলাস্থ পদমদী গ্রামের বাড়িতে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে। তাঁর ইন্তেকালে এস জেড এইচ এম ট্রাস্ট-এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী এবং মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী শোক প্রকাশ এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

কেসি বোস রঞ্জন

‘আমার লাইন হয়ে যায় আঁকা-বাঁকা, ভালো না হাতের লেখা, আসো যদি বাঁশবাগানে আবার হবে দেখা বন্ধু...’ এই গানটি গেয়ে যিনি একসময় দর্শকদের মাতিয়ে রাখতেন সেই গুণী শিল্পী কেসি বোস রঞ্জন (৫০) গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাগেরহাটের চিতলমারী উপজেলার নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পী কেসি বোসের স্ত্রী ঝর্ণা বোস জানান, ছয়-সাত বছর ধরে তার স্বামী ফুসফুসজনিত রোগে ভুগছিলেন। স্বামীর মৃত্যুতে একমাত্র ছেলের পড়াশোনা ও সামনে কিভাবে বেঁচে থাকবেন সেটির কোনো অবলম্বন খুঁজে পাচ্ছেন না তিনি।

সলিম খন্দকার

একাত্তরের মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার পলাতক আসামি বগুড়ার আদমদীঘি কালাইকুড়ি গ্রামের রাজাকার আব্দুল মোমিন তালুকদার খোকার মামলার অন্যতম সাক্ষী সলিম খন্দকার (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটে নওগাঁ সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তিনি এক ছেলে, দুই মেয়ে রেখে যান।