সৃজনশীল নাইমুল রাজ্জাক

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:০৪

>> বেনজির আবরার

 

নাইমুল রাজ্জাক, নানা পরিচয়ে পরিচিত এই তরুণ কবিতায় বাউলতরী পদক-২০১৮ পেয়েছেন। গত ৭ ও ৮ ডিসেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে হয়ে গেল নাইমুলের একক আলোকচিত্র প্রদর্শনী ‘Thought Your Eyes’। আয়োজনটির প্রশংসা করেছেন দর্শনার্থীরা, নাইমুল জানালেন তার দুটো বই আসছে বইমেলায়। শৈশবেই লেখালেখির জগতে নাইমুলের প্রবেশ। ওই বয়সে বিভিন্ন ম্যাগাজিনে লেখার মাধ্যমে শুরু করেন এ পথে যাত্রা। বর্তমানে এলএলএম প্রোগ্রামে অধ্যয়নরত রয়েছেন। গত অমর একুশে গ্রন্থ মেলায় প্রথমবার তার লেখা কবিতার বই ‘কাব্যশৃঙ্গ’ প্রকাশিত হয়। এ ছাড়া কয়েকটি সংকলিত গ্রন্থ রয়েছে। নাইমুল জানালেন, ‘এ ছাড়া এ বছর কবিতায় বাউলতরী পদক-২০১৮ অর্জন লেখালেখির জগতে এগিয়ে যেতে আমাকে উত্সাহিত করছে। এ ছাড়া অনেকদিন ধরে আলোকচিত্র নিয়ে কাজ করে চলেছি। কক্সবাজারে অনুষ্ঠিত ফার্স্ট ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিভিশন অংশগ্রহণ করার অভিজ্ঞতা রয়েছে। গত ৭ ও ৮ ডিসেম্বর আমার একক আলোকচিত্র প্রদর্শনী, বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় প্রদর্শিত হয়। ‘তবুও ভালোবাসি তোমায়’ নাটকে আলোকচিত্র হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। নাটক পরিচালনায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমার পরিচালিত কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে।’ স্কুলজীবন থেকেই সৃজনশীল কাজগুলোর সঙ্গে যুক্ত হন নাইমুল। ‘সৃজনশীল কাজগুলো সবসময় আমাকে প্রেরণা দিয়ে থাকে শৈশব থেকে। জন্মসূত্রে আমার বাড়ি ঢাকা। এর ফলে নাগরিক জীবন আমাকে বিভিন্নভাবে প্রেরণা জোগায়,’ যুক্ত করলেন নাইমুল। নাইমুল আরও বললেন, ‘পিতা, মাতা ও বড় বোন তারা বিভিন্নভাবে আমাকে উত্সাহ প্রদান করে আসছেন। শৈশব বয়সে আমার মাতা বাংলাদেশ শিশু একাডেমি ও অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেন। আমার পিতা যুব উন্নয়ন অধিদপ্তরে একজন সাবেক পরিচালক ছিলেন এবং আমাকে বিভিন্নভাবে উত্সাহ প্রদান করে আসছেন। আমার বড় বোন ও ভগ্নিপতি পেশায় চিকিত্সক হওয়ায় বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।’ অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ তার লেখা একক কবিতার বই  ‘নিভৃতে গৌরব’ ধ্রুব এষের প্রচ্ছদে পার্ল পাবলিকেশন্স থেকে আসছে। এখানে কবিতাগুলোতে নাগরিক জীবন, সম্পর্কের খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তার লেখা আরও একটি ছোটগল্পের বই ‘উপ্যাখানে সমাপন’ ধ্রুব জ্যোতির প্রচ্ছদে টুম্পা প্রকাশনী হতে আসছে। এই বইটিতে সমাজের চিত্র, অনুভূতির মিশ্রণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে বলে জানিয়েছেন লেখক।