অত্যন্ত ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০১৮ পালন করে দেশের সেরা কমার্স বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কমার্স কলেজ। গত ১৪ ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটিকে পালন করে এই প্রতিষ্ঠান। উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর মো. শফিকুল ইসলামের নেতৃত্বে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে। শিক্ষার্থীরা শহিদ বুদ্ধিজীবীদের ছবি ও পরিচয় সম্বলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়ে এদিন সকাল ৬টায় র্যালিতে অংশ নেয়।
উল্লেখ্য, ১৪ ডিসেম্বর দিনটিকে প্রতিবছর বাংলাদেশে শহিদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর হত্যকাণ্ড তথা ঘটনা। পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পৈশাচিক হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর, রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রেখে যায়। সূত্রমতে, দেশে শহিদ বুদ্ধিজীবীর সংখ্যা ১ হাজার ৭০ জন।
পুস্পস্তবক অর্পণ শেষে প্রফেসর ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এই কলঙ্কজনক অধ্যায় থেকে জাতিকে মুক্ত তথা নির্ভার করার দায়িত্ব তোমাদের মতো নতুন প্রজন্মের ওপরই বেশি বর্তায়। তোমরা সৃজনশীলতা তথা মেধা দিয়ে দেশের উন্নয়নে আত্মনিয়োগের মাধ্যমে এই গুরু দায়িত্ব পালন করতে পার।’
