মায়াঙ্ককে ফেরালেন আল-আমিন

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৭:৫৪

ইডেন গার্ডেনে দিবারাত্রির টেস্টে বাংলাদেশকে ১০৬ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমেছে ভারত। আগের টেস্টে ক্যারিয়ার সেরা ২৪৩ রানের ইনিংস খেলা মায়াঙ্ক আগারওয়ালকে এবার দ্রুত ফেরাতে পারল বাংলাদেশ। দলে ফেরা আল-আমিন হোসেনের বল পয়েন্টে খেলতে চেয়েছিলেন মায়াঙ্ক। তবে ব্যাটে লাগেনি ঠিকমতো। দ্রুতগতিতে ক্যাচ যায় গালিতে। দারুণভাবে বল তালুবন্দি করেন মেহেদী হাসান মিরাজ।

 

মায়াঙ্ক করেন ১৪ রান। পঞ্চম ওভারে তার বিদায়ের সময় ভারতের রান ১ উইকেটে ২৬।  রোহিত শর্মার সঙ্গে যোগ দিয়েছেন চেতেশ্বর পুজারা।

 

এর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ে নেমে গোলাপি বলে ‘চোখে সর্ষে ফুল’দেখে সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের ৬ ব্যাটসম্যান ইমরুল কায়েস, অধিনায়ক মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। রানের খাতা খুলতে পারেননি মুমিনুল, মিঠুন ও মুশফিক। লিটন দাস ২৪ রান করে রিটায়ার হার্ট হন।নাঈম হাসান ১৯ রান করেন।

 

শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩০.৩ ওভারে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ১০৬ রানে। সর্বোচ্চ ২৯ রান আসে সাদমান ইসলামের ব্যাট থেকে। ভরতের হয়ে ইশান্ত শর্মা ২২ রানে নেন সর্বোচ্চ ৫ উইকেট।

আরো পড়ুন : রোহিঙ্গা প্রত্যাবসনে আন্তর্জাতিক চাপ বাড়াবে তুরস্ক

দেখতে ইডেনে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারা দুজনে ঘণ্টা বাজিয়ে ম্যাচের উদ্বোধন করেছেন।

 

ইন্দোরে প্রথম টেস্ট হেরে ১-০-তে পিছিয়ে আছে বাংলাদেশ। ইডেনে তাই সিরিজে সমতা ফেরানোর টার্গেটেই খেলবে মুমিনুল বাহিনী। ক্রিকেট দুনিয়ার অনেক দেশ খেলে ফেললেও বাংলাদেশ-ভারত, গোলাপি বলের স্বাদ আগে নেয়নি। তাই ক্রিকেটারদের মাঝেও অনেক রোমাঞ্চ রয়েছে।

 

ইত্তেফাক/ইউবি