রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না রোহিত

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৮:৪৯

চা বিরতির আগে শেষ ওভারে ১২ রানে জীবন পেয়েছিলেন রোহিত শর্মা। আবু জায়েদের শর্ট বল পুল করেছিলেন রোহিত। ফাইন লেগে সহজ ক্যাচটা নিতে পারেননি আল-আমিন হোসেন।  কিন্ত নিজের ইনিংসকে লম্বা করতে পারেননি তিনি।

 

ইবাদত হোসেনের অফ স্টাম্পের অনেক বাইরে পিচ করা বল বাইরে যাবে ভেবে ছেড়ে দিয়েছিলেন রোহিত। বল লাগে প্যাডে। এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার মারাইস ইরাসমাস। রোহিত রিভিউ নিয়েছিলেন। কিন্তু বাঁচতে পারেননি তিনি। রিভিউয়ে দেখা যায়, বল লাগত অফ স্টাম্পের বেলসে। রোহিতের আউট হওয়ার সময় ভারতের রান ২ উইকেটে ৪৩।

 

আগের টেস্টে ক্যারিয়ার সেরা ২৪৩ রানের ইনিংস খেলা মায়াঙ্ক আগারওয়ালকে এবার দ্রুত ফেরাতে পারল বাংলাদেশ। দলে ফেরা আল-আমিন হোসেনের বল পয়েন্টে খেলতে চেয়েছিলেন মায়াঙ্ক। তবে ব্যাটে লাগেনি ঠিকমতো। দ্রুতগতিতে ক্যাচ যায় গালিতে। দারুণভাবে বল তালুবন্দি করেন মেহেদী হাসান মিরাজ।

 

এর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ে নেমে গোলাপি বলে ‘চোখে সর্ষে ফুল’দেখে সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের ৬ ব্যাটসম্যান ইমরুল কায়েস, অধিনায়ক মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। রানের খাতা খুলতে পারেননি মুমিনুল, মিঠুন ও মুশফিক। লিটন দাস ২৪ রান করে রিটায়ার হার্ট হন।নাঈম হাসান ১৯ রান করেন।

 

শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩০.৩ ওভারে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ১০৬ রানে। সর্বোচ্চ ২৯ রান আসে সাদমান ইসলামের ব্যাট থেকে। ভরতের হয়ে ইশান্ত শর্মা ২২ রানে নেন সর্বোচ্চ ৫ উইকেট।

আরো পড়ুন : এরা স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা: বিএনপি মহাসচিব

দেখতে ইডেনে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারা দুজনে ঘণ্টা বাজিয়ে ম্যাচের উদ্বোধন করেছেন।

 

ইন্দোরে প্রথম টেস্ট হেরে ১-০-তে পিছিয়ে আছে বাংলাদেশ। ইডেনে তাই সিরিজে সমতা ফেরানোর টার্গেটেই খেলবে মুমিনুল বাহিনী। ক্রিকেট দুনিয়ার অনেক দেশ খেলে ফেললেও বাংলাদেশ-ভারত, গোলাপি বলের স্বাদ আগে নেয়নি। তাই ক্রিকেটারদের মাঝেও অনেক রোমাঞ্চ রয়েছে।

 

ইত্তেফাক/ইউবি