আরো একবার শিরোপা হাতছাড়া বাংলাদেশের

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২০:১২

এসিসি ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩০১ রান করে পাকিস্তান। জবাবে ৪৩.৫ ওভারে ২২৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে আরো একবার নিঃশ্বাস দূরত্বে থাকা শিরোপাটা জেতা হল না বাংলাদেশের।

 

পাকিস্তানের ইনিংসে রোহাইল নাজির ১১১ বল খেলে ১২টি চার ও ৩ ছক্কায় ১১৩ রান করেন। রোহাইল রফিকের ব্যাট থেকে আসে ৬২টি রান। অধিনায়ক সুয়াদ করেন ৪২ রান। তাতে ৬ উইকেট হারিয়ে ৩০১ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। বল হাতে বাংলাদেশের সুমন খান ৩টি ও হাসান মাহমুদ ২টি উইকেট নেন।

 

জয়ের জন্য ৩০২ রানের লক্ষে ব্যাট করতে ১৫  রান করে ফিরে যান সৌম্য সরকার। নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ নাঈম আশা দেখাচ্ছিলেন। কিন্তু ১৬ রান করে ফিরে যান নাঈম।  ইয়াসির আলী ও অধিনায়ক শান্ত মিলে দলকে টানছিলেন। ৯২ রানের মাথায় ভাঙে এই জুটি। ইয়াসির আলী এবিডব্লিউর ফাঁদে পা দেন। ১১৯ রানের মাথায় ফেরেন শান্ত। ৫৩ বল খেলে ৫ চারে ৪৬ রান করেন তিনি। ১৪২ রানে জাকির হাসান ও ১৪৭ রানের মাথায় মাহিদুল ইসলাম আকন আউট হওয়ার পর জুটি বাঁধেন আফিফ হোসেন ও মেহেদী হাসান।

আরো পড়ুন : চার উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

তারা দুজন সপ্তম উইকেটে ৪৮ রান তোলেন। ১৯৫ রানের মাথায় আফিফ আউট হয়ে গেলে ভাঙে এ জুটি। ৫৩ বল খেলে ৪৯ রান করে যান আফিফ। এরপর দ্রুত শেষ তিনটি উইকেটের পতন ঘটে। ২০৯ রানের মাথায় অষ্টম, ২১৮ রানের মাথায় নবম ও ২২৪ রানের মাথায় অলআউট হয় বাংলাদেশ।

 

বল হাতে পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন ৩২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন খুশদীল শাহ ও সাইফ বাবর।

 

ইত্তেফাক/ইউবি