সাংবাদিককে বন্দি রাখায় ইরানকে ১৮ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২০:৩৭

ইরানি বশোদ্ভূত মার্কিন এক সাংবাদিককে কারাগারে বন্দি রাখায় ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১৮ কোটি ডলার দিতে ইরান সরকারকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। গুপ্তচরবৃত্তির দায়ে ২০১৪ সালে তাকে কারাদণ্ড দিয়েছিল তেহরান। খবর এএফপি’র।

ইরানের কারাগারে বন্দি ও নিপীড়নের শিকার ওই মার্কিন সাংবাদিকের নাম জেসন রেজায়ান বলে জানা গেছে। তিনি প্রভাবশালী মার্কিন পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্টে কর্মরত ছিলেন।

মার্কিন আদালতের বিচারক ১৮ মাস ধরে কারাগারে বন্দি রাখায় যন্ত্রণা ও ভোগান্তির পাশাপাশি আর্থিক লোকসানের ক্ষতিপূরণ হিসেবে জেসন রেজায়ান ও তার পরিবারকে ১৮ কোটি ডলার দেয়ার নির্দেশ দেন। মার্কিন আদালতের দাবি, কারাগারে বন্দি থাকার সময় জেসন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তার ঘুমের ব্যাঘাত ঘটেছে, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন এবং প্রাণনাশের হুমকিতে ছিলেন।

আরও পড়ুন: আরো একবার শিরোপা হাতছাড়া বাংলাদেশের

দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, আদালতের এ সিদ্ধান্ত একেবারে প্রতীকি। ইরান এ মামলার ব্যাপারে কোন জবাব দেয়নি। তেহরান এই ক্ষতিপূরণ দেবে বলে মনে হয় না।

ইরানি বশোদ্ভূত আমেরিকান নাগরিক জেসন রেজায়ান ইরানের একটি কারাগারে ৫৪৪ দিন বন্দি ছিলেন। যুক্তরাষ্ট্রে বন্দি ইরানের সাত নাগরিকের মুক্তির বিনিময়ে ২০১৬ সালের জানুয়ারিতে জেসনকে মুক্তি দেয় তেহরান। তার স্ত্রী ইয়াগানাহকেও তার সাথে গ্রেফতার করা হলেও দু’মাস পর তাকে ছেড়ে দেয়া হয়।

ইত্তেফাক/এসএইচএম