খাই খাই

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:১২

 

খাই খাই কর কেন, এস বস আহারে—

খাওয়ার অধিক খাওয়া, ঘুষ কয় যাহারে!

যত কিছু খাওয়া লেখে বাঙালির কেতাবে

ভোট হলে এই জাতি ঘুষকেই জেতাবে!

 

ফেলে দিয়ে যাবতীয় চর্ব ও চোষ্য,

ঘুষ পেলে হয়ে যায় সকলেই পোষ্য!

ঘুষ খায় সায়েব আর ঘুষ খায় কেরানি

মানুষের সাথে ঘুষ খায় কিছু পেরাণী*!

সরকারি অফিসের টেবিল আর চেয়ারও

ঘুষ খায়! যত খায় চায় নাকি সে আরো!

 

ঘুষ খায় মন্ত্রীরা, ঘুষ খায় পেয়াদা

কেউ খায় থোড়া থোড়া, কেউ খায় জেয়াদা!

ঘুষ খায় বিচারক, ঘুষ খায় উকিলও

ঘুষ দিয়ে কত লোক চাকরিতে ঢুকিল!

ঘুষ নাকি জলভাত পুলিশের পেশাতে

দোষ নেই বেতনের সাথে ঘুষ মেশাতে!

ঘুষের লেভেল আছে, আছে তার হাই-লো

ঘুষ ছাড়া কাজ পায়? নড়বে না ফাইলও!

 

হাসপাতালের বেড ঘুষ দিলে মেলে রে

বেতন চায় না লোকে ঘুষটুস পেলে রে!

ট্রেনের টিকিট মেলে, ইস্কুলে ভর্তি

ঘুষ দিলে তুই আজ সেইখানে পড়তি!

ঘুষের অনেক নাম, স্পিডমানি, উপরি

ম্যানশনবাসী আজ, কাল ছিলে ঝুপড়ি!

 

কেউ খায় মুলো আর কেউ খায় কলাটা

কেউ বা গাছের খায়, কেউ খায় তলাটা!

ঘুষ দিয়ে ঢোকা যায় ন্যাশনাল টিমেও

জাগরণে ঘুষ খায়, ঘুষ খায় ড্রিমেও!

শোনা যায় ফুটবলে ঘুষ খায় রেফারি

আমরাও খেয়ে যাই যতটুক যে পারি!

 

কও দেখি সেলাক হওয়া যায় ক’ ভাবে?

কেউ কেউ সত্ খুব সুযোগের অভাবে!

মানুষের পাশাপাশি ঘুষ খায় দেবতা

বাটে পড়ে পাবলিক করছে কী ভেবো তা!

 

ঘুষ দেয়া আজকাল নয় আর গলতও

ঘুষ ছাড়া এই ছড়া ছাপা হয় বলো ত’?