রাজধানীর শ্যামপুরে শাহিনুর নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গত শুক্রবার রাতে শাহিনুরের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, শাহিনুরের স্বামীর নাম আনোয়ার হোসেন। তাদের সাত বছরের এক ছেলে রয়েছে। তাদের বসবাস শ্যামপুরের শাবান ফ্যাক্টরি গলিতে। শুক্রবার রাত ১১টার দিকে আনোয়ার অচেতন অবস্থায় স্ত্রী শাহিনুরকে বাসা থেকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পরই শাহিনুরকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশের কাছে আনোয়ার দাবি করেছেন, পারিবারিক কলহে শাহিনুর ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে শাহিনুরের বাবা সিরাজ শেখের অভিযোগ, তার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সিরাজ বলেন, সাড়ে আট বছর আগে তার মেয়ের সঙ্গে আনোয়ারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা সময়ে টাকা দাবি করে আসছিলেন আনোয়ার। এ পর্যন্ত ৬ লাখ টাকা দিয়েছেন তিনি। ১০ দিন আগে তার জামাতা আবারও ২ লাখ টাকা দাবি করেন। গত মঙ্গলবার তিনি আনোয়ারকে ৫০ হাজার টাকা দিয়েছেন। বাকি টাকা না দেওয়ায় শুক্রবার রাতে শাহিনুরকে মারধর করে হত্যা করা হয়েছে। সাত বছরের নাতি আলিফের উদ্ধৃতি দিয়ে সিরাজ বলেন, আলিফ তাকে জানিয়েছে, রাতে তার মাকে তার বাবা মারধর করেন। মারধরের একপর্যায়ে তার মা মারা যান।
