চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর সুদীর্ঘকালের রাজনৈতিক জীবন থেকে আমি অনেক কিছু শিখেছি। তিনি ৭৫’র পরবর্তী আওয়ামী পরিবারের দুঃসময়ে শুধু চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নয়, বৃহত্তর চট্টগ্রামে দলকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে পুনরুজ্জীবিত করে তুলেছেন। তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে হলে তাঁর রাজনৈতিক শিক্ষা-দীক্ষার ইতিবাচক দিকগুলোকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত্ নির্মাণে প্রত্যয়ী করতে হবে। তিনি বলেন, মহিউদ্দিন চৌধুরী আমৃত্যু অসত্য, অন্যায় এবং মুক্তিযুদ্ধের চেতনা বিনাশী অপশক্তির বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি তৃণমূল স্তর থেকে গণমানুষের ভালোবাসা আদায় করে দেশ-জাতি ও দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন।
নগরীর জিইসি কনভেনশন হলে আয়োজিত স্মরণ সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১৪ দলের কেন্দ্রীয় নেতা মঈনুদ্দিন খান বাদল এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত নেতার পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগ নেতা নঈম উদ্দিন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী প্রমুখ।
