রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে মো. রনি মিয়া (৩০) নামে নৌবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১০টা থেকে গতকাল শনিবার সকাল ৭টার মধ্যে এ ঘটনা ঘটে। রনি মিয়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি নৌবাহিনীতে নাবিক পদে কর্মরত ছিলেন। ঢাকায় নৌ-সদর দপ্তরে একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার জন্য তিনি এসেছিলেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি রকিব উল হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, গতকাল সকালে বনানীতে নৌ-সদর দপ্তরের উলটো দিকে রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি কখন ও কীভাবে ট্রেনে কাটা পড়েছেন, সে বিষয়ে কোনো তথ্য মেলেনি। পরে সকাল ৯টার দিকে বনানী রেললাইন থেকে রনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
