টাঙ্গাইলের মির্জাপুরে শীতের আগমনী বার্তায় গরম কাপড় কিনতে ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গত বছরের তুলনায় এ বছর শুরুতেই শীতের বেশ দাপট দেখা যাচ্ছে। ফলে দাম বাড়ার আশঙ্কায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের লোকজন ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে ভিড় করছেন। রবিবার মির্জাপুর শহরের অধিকাংশ ফুটপাতে গরম কাপড় কিনতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
উপজেলা সদরের কলেজ রোড, কেন্দ্রীয় জামে মসজিদ রোড, কুমুদিনী হাসপাতাল রোড, কালিবাড়ি রোড, বংশাই রোড ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন পুরাতন বাস স্টেশনের পূর্বপাশের সমবায় মার্কেটের ফুটপাত ঘিরে শীতের জামা-কাপড় ক্রয়-বিক্রয় হচ্ছে বেশি। বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা শীতের গরম কাপড় নিয়ে আসছে এই কয়েকটি ফুটপাতে। প্রতি দিন বেশ গরম কাপড় বিক্রি হয় এখানে। বিক্রেতা আলামিন (৪৫) ও মনির হোসেন (২৫) জানান, এ বছর শীতের শুরুতেই গরম কাপড় বেশ বিক্রি হচ্ছে। বিভিন্ন আকারের গরম কাপড় ২০ টাকা থেকে শুরু করে ২০০ শ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। গরম কাপড়ের মধ্যে বাচ্চাদের জামা কাপড় বেশি বিক্রি হচ্ছে।
একইভাবে উপজেলার মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর ও আজগানা ইউনিয়নের হাট-বাজারগুলোতে শীতের গরম কাপড় বিক্রির ধুম পড়েছে বলে ক্রেতারা জানিয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এখনো শীতের তেমন প্রকোপ পড়েনি। সরকারিভাবে কম্বলসহ গরম কাপড়ের সাহায্য পাওয়া যায়নি। সাহায্য পাওয়া গেলে দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে।
