গতকাল রবিবার বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরঃ
কুমিল্লা :মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ৬৫০ জন মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসকের বাসভবনে শহীদ একেএম শামছুল হক মঞ্চে এ সংবর্ধনা দেওয়া হয়। কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
রাজশাহী :শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক এস.এম আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মাসুদুর রহমান ভুঁইয়া, রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার আমীর জাফর ও জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ।
গাইবান্ধা : গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে গাইবান্ধা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সেবাস্টিন রেমা, পুলিশ সুপার মো. আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. আব্দুস শাকুর, মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, মাহমুদুল হক শাহজাদা প্রমুখ। পরে মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের হাতে ফুল ও উপহার তুলে দেওয়া হয়।
হবিগঞ্জ :হবিগঞ্জে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। জেলা কালেক্টরেট প্রাঙ্গণের নিমতলায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, সাবেক মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী পাঠান প্রমুখ।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। দুপুরে মহান বিজয় দিবস উদ্যাপন প্যান্ডেলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক এ ডব্লিউ এম রায়হান শাহ’র সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর মেয়র কশিরুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইব্রাহিম খান ও পৌর কমান্ডার নুরুজ্জামান এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক নুরুন নবী চঞ্চল প্রমুখ।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) : উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী জছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৩০৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা হারুণ-অর-রশিদ হারুনের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও মাছুমা আরেফিন, উপজেলা মত্স্য কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জাহেদুল হক, মোজাম্মেল হক খন্দকার, নজির হোসেন।
কালাই (জয়পুরহাট): কালাইয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার কালাই সরকারি মহিলা কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ও উপহার সামগ্রী দেওয়া হয়। পরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম রওশন আলমের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহা. যোবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার আফাজ উদ্দিন।
গোপালগঞ্জ: মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গোপালগঞ্জ জয়বাংলা পুকুর সংলগ্ন বধ্যভূমিতে এলাকায় জেলা প্রশাসন আয়োজিত এ সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান।
জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা চৌধূরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সরদার জাকির হোসেন খসরু, উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফার রহমান বাচ্চু, ফরহাদ হোসেন দাড়িয়া সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ১ হাজার মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া (ঝালকাঠি) : কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা, আলোচনা সভা ও কুচকাওয়াজ অনুষ্ঠান গতকাল রবিবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহম্মদ ফয়সল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া সিকদার। সভায় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
মীর্জাগঞ্জ (পটুয়াখালী): সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মীর্জাগঞ্জ উপজেলা প্রশাসন এ সংবর্ধনার আয়োজন করে। উপস্থিত সকল মুক্তিযোদ্ধাকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। ইউএনও আবদুল্লাহ আল জাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন মীর্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোঃ আলতাফ হায়দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ আজিজ মল্লিক ও মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী হাওলাদার প্রমুখ।
তিতাস (কুমিল্লা): বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। রবিবার উপজেলা মিলনায়তনে এক আলোচনার মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. রাশেদা আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন তিতাস থানা অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আক্তার হোসেন নিজাম, ডেপুটি কমান্ডার মোশারফ হোসেন আনছারী, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জি. সালাহউদ্দিন প্রমুখ।
কাহারোল (দিনাজপুর): সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা কাহারোল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক ও ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুস সালাম প্রমুখ।
মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে উপজেলার ১১ ইউনিয়নের পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধিত করা হয়। সভায় বক্তব্য দেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান উপজেলা চেয়ারম্যন (ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমান বাদশা, সহকারী কমিশনার ভূমি রিপন বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকাত আনোয়ার ইসলাম, ডা. এম নজরুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন প্রমুখ। সংবর্ধনা সভায় মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে তাঁদের উপহার সামগ্রী প্রদান করা হয়।
চরভদ্রাসন (ফরিদপুর): সকালে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে উপজেলার ১৬৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ হতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা ও উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন। পরে ইউএনও জেসমিন সুলতানা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউদ্দিন খালাশী ও আবুল কালাম মাষ্টার, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আনোয়ার আলী মোল্যা প্রমুখ।
মিঠাপুকুর (রংপুর): উপজেলার ১৫০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মামুন-অর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদার রহমান, মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস প্রমুখ। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
আগৈলঝাড়া (বরিশাল): উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ জন শহীদ মুক্তিযোদ্ধার পরিবার সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠের স্বাধীনতা বিজয় মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে ১৬জন শহীদ মুক্তিযোদ্ধার পরিবার সদস্যদের এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার (প্রচার) আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, বরিশাল জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রণজিত্ কুমার সমদ্দার, সংরক্ষিত মহিলা সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার প্রমুখ।
মধুখালী (ফরিদপুর): সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সমাজসেবা অফিসার কল্লোল সাহার সার্বিক তত্ত্বাবধানে উপজেলার প্রায় সাড়ে তিন শতাধিক বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অধীর কুমার বিশ্বাসের সঞ্চালনায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুখালী থানা ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. খুরশীদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও মিষ্টি মুখ, গেঞ্জি এবং প্রত্যেককে ৫হাজার টাকা করে বিজয় ভাতা প্রদান করা হয়।
এছাড়াও গোপালগঞ্জের কোটালীপাড়া, মেহেরপুরের গাংনী, সিরাজগঞ্জের তাড়াশ, কামারখন্দ, খাগড়াছড়ির মানিকছড়ি, ফরিদপুরের নগরকান্দা, কুড়িগ্রামের নাগেশ্বরী, বরগুনার তালতলী, চাঁদপুরের ফরিদগঞ্জ, বাগেরহাটের মোরেলগঞ্জ, দিনাজপুরের কাহারোলে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
