নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলায় বিএনপি দলীয় প্রার্থী নেত্রকোনা-৩ আসন তাহমিনা জামান শ্রাবণীর নির্বাচনী মিছিলে বাধাদানকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে গত শনিবার সন্ধ্যার পর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এই সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয় এবং একপর্যায়ে পুলিশের উপর ইট-পাটখেল নিক্ষেপ করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৫০ থেকে ৬০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ভয়ে আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পরপরই বিএনপি প্রার্থী তাহমিনা জামান নির্বাচনী প্রচারণা শেষে মিছিল নিয়ে মদন বৈশ্যবাড়ির ঘাট সড়কে পৌঁছলে পুলিশ মিছিল বন্ধ করার জন্য বলে, কিন্তু এতে কোনো কাজ না হওয়ায় পুলিশ মিছিলে বাধাদান করে। তখন উত্তেজনা সৃষ্টি হয় এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই খবর পেয়ে ঘটনাস্থলে আসলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটখেল নিক্ষেপ করে বলে পুলিশ জানায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৫০ থেকে ৬০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়ার সঙ্গে রাত সাড়ে ৯টায় যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। বেশকিছু বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলেও তিনি জানান। মদনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, তাহমিনা জামান হচ্ছেন বিএনপি দলীয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত লুত্ফুজ্জামান বাবরের স্ত্রী।
