লক্ষ্মীপুরে ভুল চিকিত্সায় রোগী মৃত্যুর অভিযোগ, ভাঙচুর

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ভুল চিকিত্সায় মোহাম্মদ সেকান্তর নামের এক সরকারি কর্মচারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতাল ভাঙচুর করে। শনিবার রাত ৯টার দিকে শহরের আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত সেকান্তর লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহায়ক ও আবিরনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে বুকে ব্যথা অনুভব হলে সরকারি কর্মচারী সেকান্তরকে শহরের আধুনিক হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এ সময় হাসপাতালে কোনো চিকিত্সক ছিল না। একপর্যায়ে রোগীর অবস্থা অবনতি হলে হাসপাতালের সেবিকারা তার হাতে কয়েকটি ইনজেকশন পুশ করেন। মুহূর্তেই ছটফট করে মারা যান ওই রোগী। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির জানান, সরকারি কর্মচারী মারা যাওয়ার ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চিকিত্সায় অবহেলা হয়েছে। এই ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।