এবার অজিদের পাল্লাটাই ভারী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৩১

স্পোর্টস রিপোর্টার

পার্থের নতুন স্টেডিয়ামে তৃতীয় দিন স্বাগতিকদের পাল্লাটাই ভারী। ছয় উইকেট হাতে রেখে অস্ট্রেলিয়া দল নিয়ে ফেলেছে ১৭৫ রানের বড় লিড। বোঝাই যাচ্ছে, অ্যাডিলেডের মতো এই টেস্ট জয়টা এত সহজ হবে না ভারতের জন্য।

আগের দিনের ৩ উইকেটে ১৭২ রান নিয়ে দিন শুরু করে ভারত। কিন্তু দিনের চতুর্থ বলে নাথান লিঁওর বলে টিম পেইনের গ্লাভসে বল জমা দিয়ে বিদায় নেন আজিঙ্কা রাহানে। আগের দিন ৫১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন তিনি। এদিন আর কোনো রান যোগ করতে পারেননি রাহানে।

রাহানে ফিরে গেলেও অন্যপ্রান্তে অপরাজিত থাকা কোহলি ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার ব্যাটে ভর দিয়ে বড় রানের স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু সেই স্বপ্নে বাদ সাধেন প্যাট কামিন্স। তুলে নেন কোহলির উইকেট। তার আগে অবশ্য টেস্ট ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারত অধিনায়ক। ব্যক্তিগত ১২৩ রানে আউট হওয়ার আগে খেলেছেন ২৫৭ বল, মেরেছেন ১৩টি চার ও একটি ছক্কা। ভারতের অধিনায়কের ক্যারিয়ারে এটা ২৫ তম টেস্ট সেঞ্চুরি। এর মধ্য দিয়ে তিনি চলতি বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার ক্ষেত্রে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের মুমিনুল হককে।

দিনের শুরুতে রাহানে আউট হলে মাঠে নামেন হানুমা বিহারি। কোহলির সঙ্গে মিলে বড় জুটির ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। কিন্তু হানুমাকে আউট করে ৫০ রানে এই জুটি থামিয়ে দেন জস হ্যাজেলউড। হানুমা করেন ২০ রান। এরপর কোহলির সঙ্গে জুটি গড়েন ঋশব পান্ত। কিন্তু এই জুটিটিও দীর্ঘস্থায়ী হয়নি। এসময় কোহলিকে বিদায় করেন কামিন্স।

এরপর তাসের কেল্লার মতো করে ভেঙে পড়ে ভারতীয় ইনিংস। আর সেটা লিঁওর ঘূর্ণিতে। তিনি একে একে তুলে নেন মোহাম্মদ শামি (০), ইশান্ত শর্মা (১), পান্ত (৩৬) ও জাসপ্রিত বুমরাহর (৪) উইকেট। ৬৭ রান হজম করে পাঁচ উইকেট দখল করেন এই অফ স্পিনার। পেস বান্ধব উইকেটে স্পিনারের এমন দাপট রোজ রোজ দেখা যায় না।

প্রথম ইনিংস থেকে ৪৩ রানের লিড পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে ৪ উইকেটে ১৩২ রান করেছে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত আছেন উসমান খাজা। তাঁর সঙ্গী অধিনায়ক টিম পেইনের সংগ্র ব্যথা নিয়ে মাঠের বাইরে যাওয়া অ্যারন ফিঞ্চ ২৫ ও মার্কাস হ্যারিস ২০ রান করেন। ভারতের পেসার মোহাম্মদ শামি ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৩২৬/১০, ১০৮.৩ ওভার (হ্যারিস ৭০, হেড ৫৮, ফিঞ্চ ৫০, ইশান্ত ৪/৪১)

ও দ্বিতীয় ইনিংস : ১৩২/৪, ৪৮ ওভার (খাজা ৪১*, ফিঞ্চ ২৫*, হ্যারিস ২০; শামি ২/২৩)।

ভারত প্রথম ইনিংস : ২৮৩/১০, ১০৫.৫ ওভার (কোহলি ১২৩, রাহানে ৫১, লিঁও ৫/৬৭)।