‘পেশাদার’ রোনালদোর প্রশংসায় অ্যালেগ্রি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৩১

স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে জুভেন্তাস নগর প্রতিদ্বন্দ্বী তোরিনোর বিপক্ষে জয় পেয়েছে। এমন জয়ের পর রোনালদোয় উচ্ছ্বাস প্রকাশ করেন দলের কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি। অভিহিত করেন ‘দারুণ পেশাদার’ বলেও।

তোরিনোর মাঠে খেলাটির ৭০ মিনিটে তোরিনো বক্সে জুভেন্তাস ফরোয়ার্ড মারিও মানজুকিচ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্তাস। সেখান থেকে জয়সূচক গোলটি করেন রোনালদো। গোলটি করে দলীয় এক মাইলফলকে নাম লেখান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সিরি আ’তে এটি ছিলো জুভেন্তাসের ৫০০০তম গোল।

ম্যাচশেষে জুভেন্তাস কোচ জানালেন খেলাটির ধরন জেনেই দলকে তিনি ত্যাগের দীক্ষা দিয়েছিলেন। যারই ফলে এসেছে এই জয়। অ্যালেগ্রির ভাষায়: ‘আমি দলকে বলেছিলাম ত্যাগ স্বীকার করতে। এটা এমন ম্যাচ ছিলো না যেখানে প্রচুর গোল হবে।’

অ্যালেগ্রি মনে করেন শারীরিক শক্তির দিক থেকে তোরিনো থেকে ভালো হওয়ার ফলেই দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ নিতে পেরেছে তার দল। জুভেন্তাস কোচ বলেন, ‘যখন তোরিনোর ছন্দ পড়ে গেলো, আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলাম। দ্বিতীয়ার্ধে যে কারণে আমরা নিয়ন্ত্রণ নিতে পেরেছিলাম তা হলো আমরা শারীরিকভাবে বেশ ভালো।’

এই ম্যাচে লক্ষ্যভেদ করে ১৬ ম্যাচ থেকে ১১ গোল নিয়ে ইতোমধ্যে সিরি আ’র সেরা গোলদাতাদের তালিকার চূড়ায় উঠে গেছেন রোনালদো। তবে অ্যালেগ্রি জানালেন পর্তুগীজ তারকাকে বিশ্রাম দেয়ার কথা ভাবছেন তিনি এবং নিজের ফিটনেসের কথা ভেবে এ সিদ্ধান্তে সায়ও দিয়েছেন রোনালদো। দলের তারকা খেলোয়াড়ের এমন প্রতিক্রিয়ায় মুগ্ধ জুভেন্তাস কোচ। জানালেন রোনালদো ‘দারুণ পেশাদার’।

অ্যালেগ্রির ভাষ্যমতে, ‘রোনালদো একজন দারুণ পেশাদার খেলোয়াড়। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারকেও দারুণ গুরুত্ব দিয়ে দেখে সে। এ কারণেই সে সবসময় ফিট থাকে। আমি অবশ্য তা ইতোমধ্যেই বলে দিয়েছি যে রোমা, আটলান্টা কিংবা সাম্পাদোরিয়ার বিপক্ষে ম্যাচগুলোর যে কোনো একটিতে সে অনুপস্থিত থাকতে যাচ্ছে।’