‘বিগ ফাইভ’ নয়, ‘ফ্যান্টাস্টিক ইলেভেন’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ দলের ৫ সিনিয়র তারকা এখন আন্তর্জাতিক পর্যায়েও আলোচ্য। অনেকেই বাংলাদেশকে এই পাঁচ তারকার দল হিসেবে চিহ্নিত করতে চান। গতকালও কথাটা উঠলো। কিন্তু বাংলাদেশের কোচ স্টিভ রোডস বললেন, তার দল এখন স্রেফ এই পাঁচ তারকার দল নয়; এটা এখন ১১ জন অসাধারণ খেলোয়াড়ের দল। আর এই ১১ জনের ওপর ভর করেই এবার টি-টোয়েন্টি সিরিজটা জিততে চান তারা। 

টেস্ট বা ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ঠিক ফেভারিট বলা যাচ্ছে না। কোচ নিজেও সেটা বলছেন না, ‘আমি ঠিক নিশ্চিত নই, আমরা ফেভারিট কি না। আমরা ওয়ানডেতে দারুণ খেলেছি। সেটা থেকে আমরা অনেক আত্মবিশ্বাস নিয়ে আসতে পেরেছি। আমরা টেস্টেও ভালো খেলেছি। ওটাও অসাধারণ ছিলো। এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। কিন্তু আমরা আরও চাচ্ছি। এখন আমরা চাচ্ছি, আাামাদের খেলোয়াড়রা যেন ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতেও হারায়।’

ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রেখেও কোচ রোডস অবশ্য নিজের দলের জয়ের ব্যাপারে আশাবাদই প্রকাশ করলেন। বললেন, ‘তারা র্যাংকিংয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে। তারা বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা ফ্লোরিডায় ওদের চমকে দিয়েছিলাম, নিজেরাও চমকে গিয়েছিলাম। তবে আমাদের পরিকল্পনা হচ্ছে, এখানেও মাঠে যাওয়া এবং সিরিজটা জেতা। আমরা খুব করে সেটা করতে চাই। তবে এটা আগের দুটো সিরিজের চেয়ে কঠিন হবে। কারণ, ওয়েস্ট ইন্ডিজ এই ফরম্যাটে সবচেয়ে ভালো খেলে। আমরাও আমাদের সেরাটা দেবো এখানে। আশা করি, সিরিজ শেষে আমরাই হাসতে পারবো।’

রোডস বলছেন, টি-টোয়েন্টিতে আরও কিছু উন্নতি তিনি চাচ্ছেন। তবে ইতোমধ্যে তিনি কিছু উন্নতি দেখতে পাচ্ছেন বলেও দাবি করলেন, ‘হ্যা, টি-টোয়েন্টিতে আরও কিছু উন্নতি তো চাচ্ছিই। বিশেষ করে আমি পাওয়ার হিটিং ব্যাপারটা খুঁজছি। আমি এই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকেই ভালো একটা উদাহরণ হিসেবে দেখতে চাই। যাদের ক্রিকেটাররা পাওয়ার হিট করে, মিস হিট ছক্কা হয়। আমার মনে হয়েছিলো, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করতে পারি। আবারও আমি এখানে বাংলাদেশের কাছ থেকে বিষ্মিত হয়েছি। কারণ বাংলাদেশি অনেকেই খুব ভালো ছক্কা মারতে পারে। আমরা আজও কিছু নির্দিষ্ট সময় মেরে খেলার অনুশীলন করেছি। দেখেছি, তারা বলকে দূরে পাঠাতে পারে।’

আর এরপর এলো সেই ৫ তারকার প্রসঙ্গ। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদের প্রতি পুরো শ্রদ্ধা দেখিয়েই কোচ বললেন, ‘এই ‘বিগ ফাইভ’ নিয়ে তো অনেক কথাই হয়। আর আমি এদের সবাইকে খুব শ্রদ্ধা করি। কারণ, এরা সবাই অসাধারণ খেলোয়াড়। তবে আমি এখন বাংলাদেশের উন্নতি নিয়ে আরও সন্তুষ্ট। কারণ, বাংলাদেশ এখন কেবল বিগ ফাইভের দল নয়। এখানে আপনি মিরাজের দিকে তাকান। সে অসাধারণ একটা সময় কাটাচ্ছে। খুব ভালো অলরাউন্ডার, ভালো ফিল্ডার, ভালো ব্যাট করতে পারে, অসাধারণ একজন স্পিনার, সে যে কোনো সময় বল করতে পারে। এরপর ফিজ আছে। লিটন দাস আছে। সৌম্যর ইনিংসগুলোর দিকে দেখেন। ফলে আমি এখন চাই যে, আমাদের দলটাকে ম্যাগনিফিসেন্ট ইলেভেন বলা হোক।’