কষ্টের জয়ে ঘুরে দাঁড়াল রিয়াল

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৩৫

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে হারের দুর্দশার পর রিয়াল মাদ্রিদ লা লিগায় এসে জয়ের দেখা পেয়েছে। কোচ সান্তিয়াগো সোলারির রিয়াল গত শনিবার রায়ো ভায়েকানোর বিপক্ষে করিম বেনজেমার একমাত্র গোলে জয়ী হয়। জয়টি কষ্টকর হলেও নিজেদের মাঠে পাওয়া তিন পয়েন্টের সুবাদে শীর্ষ তিনে উঠে এলো রিয়াল।

ফরোয়ার্ড করিম বেনজেমা ১৩তম মিনিটে লুকাস ভাসকেজের বাড়ানো বল জালে পাঠাতে সক্ষম হন। এরপর মুহুর্মুহু আক্রমণ করলেও রায়ো রক্ষণ ভাঙতে পারছিল না রিয়াল। ৩৭তম মিনিটে টনি ক্রুসের শট প্রতিহত হয় গোলপোস্টে। তবে খেলার একেবারে শেষ দিকে বার্নাব্যু থেকে এক পয়েন্ট নিয়েই ফেরার সম্ভাবনা দেখা দিয়েছিল রায়োর। কিন্তু রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া বিপক্ষের দুটি আক্রমণ রুখে দিলে স্বস্তির নিঃশ্বাস ফেলে রিয়াল।

গোলের দেখা না পেলেও পুরো ম্যাচজুড়ে রায়ো রক্ষণে ত্রাস ছড়িয়েছিলেন রিয়ালের স্প্যানিশ ফরোয়ার্ড মার্কো অ্যাসেন্সিও। ম্যাচশেষে তার দারুণ প্রশংসা করেছেন রিয়াল কোচ। সোলারি বলেন, ‘অ্যাসেন্সিও দারুণ কর্মঠ ছিল। রক্ষণ এবং আক্রমণভাগের পুরোটা জুড়ে সে কঠোর পরিশ্রম করেছে। এই অ্যাসেন্সিওকেই আমরা দেখতে চাই। তার খেলা আমার মনে ধরেছে। তার এই চেষ্টা অব্যাহত রাখা উচিত।’

তবে ৭০ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। এর কিছুক্ষণ পর পেশিতে টান নিয়ে তার সঙ্গে যোগ দেন আরেক ফরোয়ার্ড বেনজেমাও। বুধবার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ক্যাজিমা অ্যান্টলার্সের মুখোমুখি হবে রিয়াল। সেই ম্যাচে দুজনকে পাওয়া নিয়েও জেগেছে সংশয়। তবে সোলারির আশা দুজনের এই চোট প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না তাদের খেলায়।

সোলারি বলেন, ‘আমি মনে করি এটা কেবলই পেশিতে টান, তারচেয়ে বেশি কিছু নয়। অ্যাসেন্সিওরও পেশিতে টান পড়েছিল। আগামীকাল বিমানে আমরা তাদের পরীক্ষা করবো, যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই।’