ক্যালিফোর্নিয়ায় স্কুল পার্কিংয়ে গোলাগুলি, ২ শিশু নিহত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৭:১৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোর একটি স্কুল পার্কিংয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় শনিবার 'সেরলেস এলিমেন্টারি স্কুলে'র পার্কিংয়ে এই গোলাগুলির ঘটনা ঘটে।  

ওই এলাকায় এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা খুবই বিরল বলে উল্লেখ করা হয়েছে।   

জানা যায়, ওই এলাকার কয়েকজন বাসিন্দা শনিবার রাত দেড় টা নাগাদ  ৯১১-এ ফোন দিয়ে সাহায্য চাইলে এই ঘটনা প্রকাশ্যে আসে।   

এক বিবৃতিতে পুলিশ বলছে,  ঘটনাস্থল থেকে ১১ ও ১৪ বছর বয়সী দুই শিশুকে একটি ভ্যানের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।  ঘটনাস্থলেই ১৪ বছর বয়সী শিশুটির মৃত্যু হয়। অপর শিশুটিকে হাসপাতালে নেয়ার  পর মারা যায়।  

পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে, এত রাতে পার্কিংয়ে ওই দুই শিশু কেন ছিল বা তাদের সঙ্গে অন্য কেউ ছিল কি-না তা এখনও পরিষ্কার নয়।

পুলিশ তদন্তের জন্য এখন পর্যন্ত নিহতদের নাম প্রকাশ করেনি বলে খবরে বলা হয়েছে। 

ইত্তেফাক/এসআর