বিশ্ব পুঁজিবাজারে দরপতন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৪৪

বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির শ্লথগতির শঙ্কায় নেতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক পুঁজিবাজারে। গত শুক্রবার যুক্তরাষ্ট্র ও এশিয়ার প্রধান সূচকগুলোয় পতন হয়েছে। নিম্নমুখী ছিল ইউরোপের পুঁজিবাজারও। শুক্রবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের অন্যতম প্রধান সূচক ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক পয়েন্ট কমেছে ৪৯৬ পয়েন্ট বা দুই দশমিক শূন্য দুই শতাংশ। এসঅ্যান্ডপি সূচক কমেছে এক দশমিক ৯১ শতাংশ এবং নাসডাক সূচক কমেছে দুই দশমিক ২৬ শতাংশ বা ১৬০ পয়েন্ট। এশিয়ার বাজারের মধ্যে জাপানের নিক্কি সূচক কমেছে ৪৪১ পয়েন্ট বা দুই দশমিক শূন্য দুই শতাংশ। এছাড়া হংকংয়ের হ্যাংসেং সূচক কমেছে ৪২৯ পয়েন্ট বা এক দশমিক ৬২ শতাংশ, চীনের সাংহাই সূচক কমেছে এক দশমিক ৫৩ শতাংশ এবং সিঙ্গাপুর সূচক কমেছে এক দশমিক শূন্য ৯ শতাংশ। ইউরোপের বেশিরভাগ সূচকই নিম্নমুখী ধারায়। এর মধ্যে লন্ডনের এফটিএসই সূচক দশমিক ৪৭ শতাংশ, জার্মানির ডিএক্স সূচক দশমিক ৫৪, ফ্রান্সের সিএসই ৪০ সূচক কমেছে দশমিক ৮৮ শতাংশ। প্রকাশিত উপাত্তে দেখা গেছে, চীনের অর্থনৈতিক প্রত্যাশার চেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। সামপ্রতিক সর্বোচ্চ অবস্থানের তুলনায় চীনের অর্থনীতির মানদণ্ড নির্ধারণের সূচকগুলো ১০ শতাংশের নিচে নেমে এসেছে।