মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন তাদের ট্যালকম পাউডারে ক্ষতিকর অ্যাসবেস্টসের উপস্থিতি আছে বলে অনেক আগে থেকেই অভিযোগ আছে। অ্যাসবেস্টস হলো এমন একটি খনিজ আঁঁশযুক্ত পদার্থ, যা মানবশরীরের জন্য ক্ষতিকর। গত শুক্রবার এ প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এ প্রতিষ্ঠানটির শেয়ারদর কমে গেছে প্রায় ১০ শতাংশ। খবর: রয়টার্স। এ ট্যালকম পাউডার ব্যবহারের কারণে ক্যানসার হয়েছে এমন অভিযোগে কোম্পানিটির বিরুদ্ধে হাজার হাজার মামলা চলছে। গত জুলাইয়ে ২২ নারীকে ৪৭০ কোটি ডলার জরিমানা পরিশোধ করার জন্য জনসন অ্যান্ড জনসনকে আদেশ দেন আদালত। ওই নারীরা অভিযোগ করেছিলেন, ট্যালকম পণ্য ব্যবহারের কারণে তাদের ওভারিয়ান ক্যানসার হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একই ধরনের আরও অন্তত ৯ হাজার অভিযোগ আদালতে ঝুলছে। এর মধ্যে শিশুদের জন্য জনসনের তৈরি পাউডারের বিরুদ্ধেও মামলা রয়েছে। জনসন অ্যান্ড জনসন বলছে, তারা আদালতের এই রায়ে হতাশ এবং রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।
