যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে এমিরেটস এয়ারলাইন ঢাকা-দুবাই রুটে তাদের ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ঘোষণা প্রদান করেছে। বর্তমানে এই রুটে দৈনিক তিনটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। আগামী ১ জুন ২০২০ থেকে চতুর্থ দৈনিক ফ্লাইট শুরু হলে সপ্তাহে ফ্লাইটের সংখ্যা দাঁড়াবে ২৮টিতে এবং ঢাকা থেকে ভ্রমণকারী যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ছয়টি মহাদেশে বিস্তৃত এমিরেটসের নেটওয়ার্কভুক্ত ১৫০টির অধিক গন্তব্যে আরো সুবিধাজনক সংযোগ লাভ করবেন।
বাংলাদেশে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার সাঈদ আবদুল্লা মিরান জানান, ‘বাংলাদেশের সঙ্গে এমিরেটসের একটি বিশেষ বন্ধন রয়েছে যার শুরু ৩৩ বছর পূর্বে। অতিরিক্ত ফ্লাইট চালু হলে ব্যবসা বা বিনোদনের জন্য ভ্রমণকারী যাত্রীরা ফ্লাইট নির্বাচনের ক্ষেত্রে আরো বেশি অপশন পাবেন। এছাড়াও অবকাশ যাপন বা ব্যবসার কাজে ভ্রমণের জন্য ভায়া দুবাই, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের গন্তব্যগুলোতে অধিকতর সুবিধাজনক সংযোগ পাওয়া যাবে। নতুন ফ্লাইট বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণকে উত্সাহিত করার পাশাপাশি ইন বাউন্ড ট্যুরিজম, ব্যবসা ও বাণিজ্যের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।’ বর্তমানে চালু অন্য ফ্লাইটগুলোর মতোই চতুর্থ ফ্লাইটটি পরিচালনায় ব্যবহূত হবে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর, যার বিজনেস শ্রেণিতে ৪২টি এবং ইকোনমি শ্রেণিতে ৩১০টি আসন রয়েছে। চতুর্থ ফ্লাইটটি চালু হলে ঢাকা-দুবাই রুটে উভয় দিকে সপ্তাহে অতিরিক্ত মোট ২৮০ টন মালামাল পরিবহন করা সম্ভব হবে। উল্লেখ্য, বর্তমানে এমিরেটস ফ্লাইটে প্রতি সপ্তাহে উভয় দিকে ৮০০ টনের অধিক মালামাল পরিবহনের সুবিধা রয়েছে। অতিরিক্ত ফ্লাইট ইকে ৫৮৮ রাত ১০টা ৩০ মিনিটে দুবাই ছেড়ে পরবর্তী দিন সকাল ৫টা ২০ মিনিটে ঢাকা পৌঁছবে। ফিরতি ফ্লাইট ইকে ৫৮৯ সকাল ৮টায় ঢাকা থেকে যাত্রা শুরু করে সকাল ১১টায় দুবাই অবতরণ করবে।
