চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দাবি

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২১:৩৭

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের সিঙ্গাপুর-ব্যাংকক-হংকং-মালয়েশিয়া-চায়না-জাপান-কোরিয়া ও ভারতের চেন্নাই-দিল্লি রুটে ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর বরাবর সম্প্রতি পাঠানো এক চিঠিতে বলা হয়, দেশের রেলওয়ে ও নৌ-পরিবহন, বিআইডব্লিউটিএ, বিআরটিসি, বিদ্যুত্ বিভাগ, ওয়াসা, টেলিফোন সংস্থা ইত্যাদির মতো বিমান পরিবহন সংস্থার সেবা পাওয়াও দেশের সব বিভাগের জনগণের অধিকার রয়েছে। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বলা হয়। এখানে গড়ে উঠেছে সরকারি-বেসরকারি বড়ো কয়েকটি ইপিজেড ও ইকোনমিক জোন, নির্মাণাধীন রয়েছে মিরসরাই ও আনোয়ারা ইকোনমিক জোন, দেশের প্রথম বঙ্গবন্ধু টানেল। এসব নির্মিত হলে এ অঞ্চলে শিল্প এলাকার সংখ্যা আরো বৃদ্ধি পাবে। ইকোনমিক জোন ও ইপিজেডগুলোর সব কর্মকাণ্ডের সঙ্গে চায়না, সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং অর্থাত্ দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

অথচ চট্টগ্রাম থেকে দক্ষিণ-পূর্ব দিকের যোগাযোগের ক্ষেত্রে বিমান পরিবহনের কোনো ব্যবস্থা নেই। চট্টগ্রাম থেকে সরাসরি সিঙ্গাপুর, ব্যাংকক, চায়না, মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ বা ঐ দিক থেকে সরাসরি চট্টগ্রামে আসার সুযোগ থাকলে বাংলাদেশের একমাত্র বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রাম, তথা ইকোনমিক জোনসমূহে নতুন বৈদেশিক বিনিয়োগ প্রবাহ বেড়ে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানি আরো বৃদ্ধি পাবে।

চট্টগ্রাম থেকে বহু লোক চিকিত্সা ও ব্যবসায়িক কারণে ভারতের চেন্নাই ও দিল্লি যাতায়াত করছে, তাই এ পথে সপ্তাহে অন্তত দুই দিন চট্টগ্রাম-কলকাতা রুটের পাশাপাশি সপ্তাহে আরো দুই দিন চট্টগ্রাম-চেন্নাই-দিল্লি রুটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শিডিউল চালু করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।