মুম্বাইয়ের হায়াত হোটেলে সোমবার সন্ধ্যা ৭টায় দলের সমস্ত সংসদ সদস্যকে ডেকে পাঠিয়েছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। একইসঙ্গে মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য রাজ্যপালকে 'নিজেই এসে দেখে যাওয়া'র চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তারা। খবর এনডিটিভির।
সোমবার সকালে সরকার গঠনের দাবি জানায় তিন দল। তারপরেই মুম্বাইয়ের বিভিন্ন হোটেলে লুকিয়ে রাখা নিজেদের জয়ী সংসদ সদস্যদের এক জায়গায় তলব করেন তিন দলের হাই-কমাণ্ড। এসময় রাজ্যপালকে উদ্দেশ্য করে তারা দাবি করেন, ১৬২ জন সংসদ সদস্যের সমর্থন রয়েছে তাদের।
শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, 'আমরা সবাই এক এবং একসঙ্গে রয়েছি, এসে দেখুন সন্ধ্যা ৭টায় হায়াত হোটেলে আমাদের ১৬২ জন সংসদ সদস্য একসঙ্গে থাকবেন। নিজেই এসে দেখুন, মহারাষ্ট্রের রাজ্যপাল।'
তিন দলের জোট, 'মহারাষ্ট্র বিকাশ অগধি' সোমবার সকালে রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানায়। তিনদিন আগে,শনিবার সকালে সকলকে চমকে দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপি নেতা দেবেন্দ্র ফারনাভিস এবং উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন এনসিপি নেতা অজিত পাওয়ার।
আরও পড়ুন: আফগানিস্তানে ১০ ভারতীয় আইএস নারী ও শিশুর আত্মসমর্পণ
শিবসেনা জানিয়েছে, নির্দলীয় সংসদ সদস্যসহ ৬৩ জনের স্বাক্ষর করা পত্র তারা জমা দিয়েছে। এছাড়া কংগ্রেসের ৪৪ এবং এনসিপির ৫১ জনেরও সমর্থন রয়েছে। তিন দলের সঙ্গে যুক্ত হয়েছে সমাজবাদী পার্টিও এবং তাদের দলের দুই সংসদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
তিনদলের মামলার আবেদন শুনছে সুপ্রিম কোর্ট। হঠাৎ করে সরকার গঠনকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন তারা। মঙ্গলবার এই মামলার রায় দিবে আদালত।
ইত্তেফাক/এসএইচএম
