ইত্তেফাক রিপোর্ট
বাংলা একাডেমির বিজয় কথা আলোচনায় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের এই দিনে সকল শহীদকে স্মরণের পাশাপাশি মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক পরিমণ্ডলকেও স্মরণে রাখতে হবে। আমাদের মুক্তিযুদ্ধে ভারত, সোভিয়েত ইউনিয়ন এবং পোল্যান্ডের আন্তরিক সহযোগিতার কথা কোনোদিনই বিস্মৃত হবার নয়। তিনি বলেন, বাংলাদেশে সাধারণ মানুষ যেমন মুক্তিযুদ্ধে আমাদের বিজয়কে সম্ভব করে তুলেছে তেমনি আজ দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও সাধারণ মানুষের ভূমিকাই সর্বাগ্রে স্মরণীয়। গতকাল রবিবার বাংলা একাডেমির নজরুল মঞ্চে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘বিজয় কথা’ শীর্ষক একক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন।
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, একাত্তরে বিজয়ী বাংলাদেশ আজ নানা ক্ষেত্রেই বিস্ময়কর অগ্রগতির অধিকারী। তবু আমাদের আত্মসমালোচনার জায়গাও রয়েছে। এখনও শ্রেণিবৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়নি, এখনও আমরা মানববান্ধব আইন ও বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারিনি, এখনও শিক্ষার যথাযথ মান নিশ্চিত করতে পারিনি। এ অবস্থার অবসানকল্পে আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের সত্যের মধ্য দিয়ে আত্মশক্তিতে জাগ্রত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সংগীত পরিবেশন করেন শিল্পী অনামিকা ত্রিপুরা, এ এম এম মহিউজ্জামান চৌধুরী, মো. রেজওয়ান আহমেদ এবং ফারহানা শিরিন। যন্ত্রানুষঙ্গে ছিলেন নির্মল কুমার (তবালা), দীপঙ্কর রায় (প্যাড), হোসেন আলী (বাঁশি) এবং মো. বরকত নেওয়াজ (কী-বোর্ড)। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির কর্মকর্তা মাহবুবা রহমান।
