জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে। ঐদিন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।
গতকাল সোমবার আপিল বিভাগে জামিন আবেদনটি শুনানির জন্য উত্থাপিত হয়। এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আজ পূর্ণাঙ্গ বেঞ্চ বসেনি। বৃহস্পতিবার সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বসে। ঐদিন জামিন আবেদন শুনব। এ সময় আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, এম মাহবুবউদ্দিন খোকন, কায়সার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
মানহানির দুই মামলায়
বাড়ল জামিনের মেয়াদ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়েরকৃত মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল এই আদেশ দেন। ঐ দুই মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য হাইকোর্টে আবেদন জানান আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করে। গত ১৮ জুন হাইকোর্ট এই মানহানির মামলায় খালেদা জিয়াকে জামিন দেয়। প্রসঙ্গত দুদকের দায়েরকৃত দুটি দুর্নীতির মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন খালেদা জিয়া।
