হংকংয়ের প্রশাসনিক প্রধান ক্যারি লাম বলেছেন, তার সরকার জনগণের কথা বিনয়ের সঙ্গে শুনবে। স্থানীয় জেলা পরিষদ নির্বাচনে গণতন্ত্রপন্থীদের ঐতিহাসিক বিজয়ের পর সোমবার তিনি এ কথা বলেন। খবর বিবিসি ও আল জাজিরা’র
সরকারের তরফ থেকে ইস্যু করা এক বিবৃতিতে লাম আরও বলেন, নির্বাচনের এই ফলাফলকে সরকার সম্মান জানাবে।
হংকংয়ে জেলা পরিষদের মোট ৪’শ ৫২টি আসনের মধ্যে ৩’শ ৯০টি আসনে জয় পেয়েছে গণতন্ত্রপন্থীরা। অন্যদিকে বেইজিংপন্থীরা জয় পেয়েছেন মাত্র ৬২টি আসনে।
গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়ে। হংকংয়ে ৭৪ লাখ মানুষের মধ্যে এবার নিবন্ধিত ভোটার হয়েছেন ৪১ লাখ, যা অর্ধেকেরও বেশি। তাদের মধ্যে ২৯ লাখ ভোটার ভোট দিয়েছেন যা মোট ভোটারের অন্তত ৬৯ শতাংশ। ২০১৫ সালে এই নির্বাচনে ভোট পড়েছিল ৩৭ দশমিক ১২ শতাংশ। ওই নির্বাচনে ৩১ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছিলেন ১০ লাখের কিছু বেশি।
আরও পড়ুন: অনুমতি না নিয়ে বিএনপির সমাবেশ করার সাহস নেই: কাদের
জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের ক্ষমতা আবর্জনা পরিষ্কার এবং বাসের রুট নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এই নির্বাচন ছিল খুবই তাৎপর্যপূর্ণ। কেননা গত ৬ মাস ধরে গণতন্ত্রের দাবিতে উত্তাল হংকংয়ের জনগণের জন্য এই নির্বাচন ছিল ক্যারি লামের প্রশাসনের প্রতি তাদের মতামত জানানোর এক বিশেষ সুযোগ। সেই সুযোগ যে দেশটির জনগণ ভালো ভাবেই কাজে লাগিয়েছেন নির্বাচনের ফল সেটাই প্রমাণ করে।
ইত্তেফাক/এসইউ
