প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ঢাবি উপাচার্যের

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০০:১৪

দেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাজনৈতিক ও একাডেমিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল সোমবার সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দুর্যোগ মোকাবিলা বিষয়ক তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ানসহ এশিয়ার আটটি দেশের গবেষক ও শিক্ষাবিদগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

উপাচার্য বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে প্রায়ই বন্যা, খরা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। ঘূর্ণিঝড় ও বন্যায় প্রতিবছর আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

এশিয়ার আরো কয়েকটি দেশ এ ধরনের দুর্যোগ ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ঝুঁকি মোকাবিলায় এশিয়ার বিভিন্ন দেশের একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ করতে হবে।

কর্মশালার স্থানীয় সমন্বয়কারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে তাইওয়ান ন্যাশনাল সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. সু রেন উ এবং তাইওয়ান একাডেমিয়া সিনিকার অধ্যাপক ড. সাইমন সি লিন বক্তব্য রাখেন। দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মারুফুর রহমান অনুষ্ঠান সঞ্চালন করেন।