ইত্তেফাক ডেস্ক
চট্টগ্রাম, বগুড়া ও জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপি ও যুবদলের পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে ও শনিবার তাদের গ্রেফতার করা হয়। ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম-৯ আসনে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে গণসংযোগ করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন। গণসংযোগ চলাকালে মহানগর বিএনপির সহ-সভাপতি সুবক্তগীন সিদ্দিক মক্কীকে গ্রেফতার করে পুলিশ। চকবাজার থানার ওসি নিজাম উদ্দিনের দাবি, ওই নেতা এজাহারভুক্ত আসামি। বিএনপি নেতাকর্মীদের দাবি, প্রচারণায় বাধা সৃষ্টি করে ভীতি তৈরির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে গ্রেফতার করা হয়েছে।
আক্কেলপুর (জয়পুরহাট): আক্কেলপুর উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম চপলকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার চাঁদাবাজি মামলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, চপল কিছুদিন আগে মুরগি ব্যবসায়ী বনিজ উদ্দিনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। বনিজ উদ্দিন চাঁদা না দিয়ে জয়পুরহাট আদালতে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।
স্টাফ রিপোর্টার, বগুড়া: শিবগঞ্জে নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে পুলিশ সাবেক এক পৌর কাউন্সিলরসহ তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ডা. মতিয়ার রহমান, কিচক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন।
