ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের আরশাদুল হক (৩৬) ও তার মেয়ে জান্নাতুল অমি (৩)।
জানা গেছে, এদিন সকালে পুকুরে পানি দেওয়ার জন্য সেচলাইন চালু করতে যায় আরশাদুল। সেচ পাম্পের বিদ্যুতের সুইচ দেওয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় আরশাদুল হকের কোলে ছিলো মেয়ে অমি। এ ঘটনায় আরশাদুল ঘটনাস্থলেই মারা যায়। আর মেয়ে অমিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদাউস বুশরা জানান, অমিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রুহিদাস আচার্য্য জানান, আরশাদুল পুকুরে পানি দেওয়ার জন্য সেচলাইন চালু করতে পুকুর পাড়ে যায়। সেখানে বিদ্যুতের সুইচ দেওয়ার সাথে সাথেই তার কোলে থাকা মেয়েসহ আরশাদুল হক বিদ্যুৎস্পৃষ্ট হন।
আরও পড়ুন: হোমনায় দুর্বৃত্তদের হামলায় প্রধান শিক্ষক আহত
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/এএএম
