পিরোজপুর অফিস
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির এবং চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, নির্বাচনের নামে দেশে বিরোধী দলের উপর যে তাণ্ডব চলছে তাতে দেশে গৃহযুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিরোধী দলের নেতা-কর্মীদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। ড. কামাল হোসেনসহ সংবিধান প্রণেতা নেতাদের উপর হামলা করা হচ্ছে। এভাবে কোনো নির্বাচন হতে পারে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া উচিত।
তিনি বলেন, বিশ্বের মধ্যে বাংলাদেশ পাঁচবার দুর্নীতি, চুরিতে প্রথম হয়েছে। বর্তমানে দেশে যে অবস্থা চলছে তার পরিবর্তন হওয়া দরকার। আর এজন্য দরকার ইসলামী সরকার। তাই হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী আলহাজ হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহকে জয়যুক্ত করতে হবে।
গতকাল রবিবার বিকালে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাহে জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে দলীয় প্রার্থী আলহাজ হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পিরোজপুর জেলা সভাপতি মাওলানা ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহাবুবুর রহমান, পিরোজপুর-১ আসনের দলীয় প্রার্থী আলহাজ হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ, জেলা সেক্রেটারি মাওলানা মো. শেহাব উদ্দিন কাসেমী, মো. মনিরুল হাসান, মো. নজরুল ইসলাম মিন্টু, মুহাম্মদ ইলিয়াস সেখ, মাওলানা রফিক ইসলাম, মাওলানা আবদুল্লাহ, মো. এনামুল কবির প্রমুখ।
