গত ২৫ নভেম্বর সকালে রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থীদের বর্ণাঢ্য বার্ষিক পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ভবন-০১-এর ক্রিয়েটিভ হাবে সকাল ৯টা ৩০ মিনিটে একাডেমির সকল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় দিনব্যাপী এ অনুষ্ঠানের। অনুষ্ঠানে বিভিন্ন শাখায় ২০১৬ ও ১৭ সালের ১৭০ জন কৃতী শিক্ষার্থীকে মেডেল প্রদান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরিদা ইয়াসমিন, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. আহসানুল কবীর, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমান, রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা রহমান, বরেণ্য চিত্র শিল্পী অধ্যাপক আবদুস শাকুর শাহ্, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপদেষ্টা প্রফেসর মোস্তাফিজুল হক, উপ-পরিচালক মজিবুর রহমান দিলুসহ শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও একাডেমির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একাডেমির সংগীত বিভাগের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের থিম সংগীত পরিবেশনসহ বিভিন্ন পর্যায়ের একক সংগীত ও নৃত্য পরিবেশন করে। পরিশেষে একাডেমির উপ-পরিচালকের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সমাপ্তি টানা হয় বর্ণাঢ্য এ অনুষ্ঠানের।
