কিশোরগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন যুবক প্রাণ হারিয়েছেন। গতকাল রবিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ-মধ্যপাড়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের সৈকত, পাঠানকান্দি গ্রামের মিলন ও ঝাটাশিরা গ্রামের শুভ। সৈকত ও মিলন ঘটনাস্থলেই মারা যান এবং শুভকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে আনার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলযোগে তিন বন্ধু মিলে ভৈরবের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা অনন্যা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই চালক বাসটিকে নিয়ে পালিয়ে যায়। প্রশাসনের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই লাশ আত্মীয়-স্বজনের নিকট হস্তান্তর করা হয়।