নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
নালিতাবাড়ীতে বিএনপির নেতাকর্মীদের নামে শনিবার রাতে মামলা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রুবেল মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমীন, যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, যুগ্ম-আহ্বায়ক ও বর্তমান ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, যুগ্ম-আহ্বায়ক আলী আশরাফ ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটনসহ প্রায় ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমীন বলেন, শনিবার রাতে আমরা দলীয় প্রার্থী ফাহিম চৌধুরীর নকলা উপজেলার চরকামানীপাড়াস্থ গ্রামের বাড়িতে তার সাথে সাক্ষাত্ করতে যাই। এ সময় আওয়ামী লীগের গ্রুপের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ আমাদের নামে গায়েবি মামলা দিয়েছে। আমরা যাতে সঠিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে না পারি এজন্যই এ মিথ্যা মামলা।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, শনিবার রাতে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৫-২০ জনকে আসামি করে মামলা হয়েছে।
