আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকে দলের ভাবমূর্তি নষ্টকারী ও অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে আড়াইহাজার বাজার এলাকার দুবাই প্লাজার আড়াইহাজার ক্লাব লিমিটেডে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের ব্যানারে ঐ সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের পক্ষে তাদের বক্তব্য তুলে ধরে বক্তব্য দেন আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার।
এতে দলের জেলা আওয়ামী লীগের পদে থাকা মিজানুর রহমান বাচ্চু ও ইকবাল পারভেজকে আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি তোলা হয়। তাদের বিরুদ্ধে অনুগত নেতাকর্মীদের দিয়ে ফেসবুকে ফেক আইডি খুলে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নামে অপপ্রচার করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগের পাশাপাশি এ দুই জনকে দলে অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করা হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম ভুঁইয়া, খোরশেদ আলম সরকার, মাহবুবুর রহমান রোমান, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদীর মেয়র এম এ হালিম সিকদার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝর্না রহমান, হাইজাদীর চেয়ারম্যান আলী হোসেন, সাতগ্রামের চেয়ারম্যান অদুদ মাহমুদ প্রমুখ।
