কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ কাজীপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের পক্ষে চলছে জোরেসোরে প্রচার-প্রচারণা। কাজীপুর উপজেলার চরাঞ্চলসহ ১২টি ইউনিয়ন ও সিরাজগঞ্জ সদরের ৫ ইউনিয়নে নিয়মিত স্বাস্থ্যমন্ত্রী নিজে এবং তার পক্ষে তার সহধর্মিণী লায়লা আরজুমান্দ বানু, বড় ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় দলীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন। বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার টার্গেট নিয়ে এলাকা চষে বেড়াচ্ছেন নেতা-কর্মীরা। কিন্তু এই আসনের জাতীয় ঐক্যফ্রন্টের বিএনপি দলীয় প্রার্থী রুমানা মোরশেদ কনক চাপার পক্ষে কোনো নির্বাচনী প্রচার-প্রচারণা এখনো শুরু হয়নি। এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কনকচাপা জানান, আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। সোমবার থেকে আমরা নির্বাচনী প্রচারণায় মাঠে নামবো।
এদিকে নৌকার দুর্গ হিসেবে পরিচিত কাজীপুরে যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত তারা এখনও চুপচাপ রয়েছে। প্রচারণা শুরু না হওয়ায় বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। তবে দলীয় নির্দেশনা পেলে ভোটের মাঠে নামবেন বলে অনেকেই জানিয়েছেন।
